জসীম উদ্দিন জয়নাল, পার্বত্যাঞ্চল প্রতিনিধি : খাগড়াছড়ির মাটিরাঙ্গায় ব্যবসায়ীর ২০ লাখ টাকা ডাকাতির ঘটনায় সাত দিনের মধ্যে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ডাকাতির কাজে ব্যবহৃত দেশীয় অস্ত্র, তিনটি মোটরসাইকেল, ছয়টি মোবাইল ফোন, নগদ ৫৯ হাজার টাকা ও ডাকাতির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে।
সোমবার (১৯ অক্টোবর) দুপুরে মাটিরাঙ্গা থানা পুলিশ জানায়, গত ১২ অক্টোবর ডাকাতির ঘটনার পরপরই পুলিশ সুপারের নির্দেশনায় মাটিরাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাহেদ উদ্দিনের সহযোগিতায় পুলিশের একটি চৌকস দল অভিযান শুরু করে।
পরে মাটিরাঙ্গা উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ডাকাতির ঘটনায় জড়িত সন্দেহে চারজনকে গ্রেপ্তার করা হয়। এ সময় ডাকাতির কাজে ব্যবহৃত দুটি দেশীয় ছুরি, তিনটি মোটরসাইকেল, ছয়টি মোবাইল ফোন, নগদ ৫৯ হাজার টাকা এবং বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—মাটিরাঙ্গা উপজেলার বেলছড়ি ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের আমবাগান এলাকার ফরিদ মিয়ার ছেলে মো. আলী হোসেন, একই এলাকার মৃত নুরুল আলমের ছেলে ইউসুফ মিয়া ওরফে নয়ন, একই ইউনিয়নের খেদাছড়া এলাকার আব্দুল হালিমের ছেলে আবু মুছা এবং মাটিরাঙ্গা পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের পলাশপুর এলাকার মোহাম্মদ হোসেনের ছেলে নোমান ইসলাম রাব্বি।
মাটিরাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাহেদ উদ্দিন জানান, ডাকাতির ঘটনায় জড়িতদের মাটিরাঙ্গার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার অন্যান্য কার্যক্রম ও তদন্ত অব্যাহত রয়েছে।
কিউএনবি/আয়শা/১৯ অক্টোবর ২০২৬,/রাত ৯:৪০