জসীম উদ্দিন জয়নাল, পার্বত্যাঞ্চল প্রতিনিধি : শারদীয় দুর্গাপূজা উপলক্ষে খাগড়াছড়ির মাটিরাঙ্গা পৌরসভা ও সদর ইউনিয়নের চারটি পূজামণ্ডপ পরিদর্শন করেছেন মাটিরাঙ্গা জোন কমান্ডার লে. কর্নেল মাসুদ খাঁন পিএসসি।
সোমবার (১৯ অক্টোবর) রাত ৮টার দিকে মাটিরাঙ্গা শ্রীশ্রী রক্ষাকালিমন্দির দূর্গাপূজা মন্ডপে পরির্দশন শেষে মাটিরাঙ্গা পৌরসভার তিনটি ও সদর ইউনিয়নের একটি পূজামণ্ডপ পরিদর্শন করেন। এ সময় তিনি পূজামণ্ডপগুলোর সার্বিক পরিস্থিতি, নিরাপত্তাব্যবস্থা ও পূজা উদযাপনের প্রস্তুতি সম্পর্কে খোঁজখবর নেন।
পরিদর্শনকালে মাটিরাঙ্গা জোনের জোনাল স্টাফ অফিসার (জেডএসও) মেজর সামিউল হক, মাটিরাঙ্গা পৌর বিএনপির সভাপতি মো. শাহ জালাল কাজল, সাধারণ সম্পাদক ইব্রাহিম পাটোয়ারী,মাটিরাঙ্গা থানার এসআই মিন্টু, যুগ্ম সাধারণ সম্পাদক দেবাশীষ দত্ত আশীষ, পৌর যুবদলের আহ্বায়ক মো. গিয়াস উদ্দীনসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও পূজা উদযাপন কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
মাটিরাঙ্গা জোন কমান্ডার লে. কর্নেল মাসুদ খাঁন পিএসসি বলেন, “শারদীয় দুর্গাপূজা সবার জন্য আনন্দ, সম্প্রীতি ও সৌহার্দ্যের উৎসব। ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই যেন শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে পূজা উদযাপন করতে পারেন, সে জন্য সবাইকে পারস্পরিক সহযোগিতা ও সম্প্রীতি বজায় রাখতে হবে। পূজামণ্ডপে আগত দর্শনার্থীদের নিরাপত্তা ও সার্বিক শৃঙ্খলা বজায় রাখতে সংশ্লিষ্ট সবাইকে সচেতন থাকার আহ্বান জানান।
কিউএনবি/আয়শা/১৯ অক্টোবর ২০২৬,/রাত ৯:২০