শান্তা ইসলাম ,নেত্রকোনা: নেত্রকোনা পৌরসভার জনবহুল আবাসিক এলাকায় একটি বসতঘরের ভেতরে অস্বাস্থ্যকর ও ঝুঁকিপূর্ণ উপায়ে চুন মজুত রাখার অভিযোগ উঠেছে।
এতে মারাত্মক স্বাস্থ্যঝুঁকিতে পড়েছে পার্শ্ববর্তী পরিবারটি। চুন থেকে উড়া বিষাক্ত ধূলিকণার কারণে ইতিমধ্যে এক শিশু অসুস্থ হয়ে চিকিৎসাধীন রয়েছে। এমন পরিস্থিতিতে তাৎক্ষণিকভাবে উক্ত বিষাক্ত চুনের গুদাম অপসারণ ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে নেত্রকোনা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), পৌর প্রশাসক এবং পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক বরোবরে লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী এ টি এম শামসুজ্জামান মাসুদ। অভিযোগ ও সরেজমিনে ঘুরে জানা যায়, নেত্রকোনা পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের ফায়ার সার্ভিস স্টেশন সংলগ্ন নিখিলনাথ রোডে এই ঘটনা ঘটে।
ঐ এলাকার বাসিন্দা রুকনুজ্জামান রুকন তাঁর বসতঘরের একটি অংশ চুন বিক্রির গুদাম হিসেবে স্থানীয় মাছ ব্যবসায়ী কিতাব আলীর কাছে ভাড়া দেন। কিন্তু টিনের পুরনো বেড়া ও সিলিংয়ের ফাঁকফোকর দিয়ে সার্বক্ষণিক চুনের সূক্ষ্ম গুঁড়া উরে এসে শামসুজ্জামান মাসুদের বসতঘরে প্রবেশ করছে। ফলে দীর্ঘদিন ধরে পরিবারটির সদস্যরা মারাত্মক স্বাস্থ্যঝুঁকিতে দিন কাটাচ্ছেন এবং তাঁর ছোট মেয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়েছে। ভুক্তভোগী এ টি এম শামসুজ্জামান মাসুদ বলেন, “আমরা চরম স্বাস্থ্যঝুঁকির মধ্যে বাস করছি।
আমার ছোট মেয়েটি চুনের গুঁড়ো শ্বাসনালীতে গিয়ে অসুস্থ হয়ে বর্তমানে চিকিৎসাধীন। আমরা বাড়ির মালিককে অন্য যেকোনো সাধারণ ব্যবসার জন্য ঘর ভাড়া দিতে বলেছি, এতে আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু এই বিষাক্ত চুনের গুদাম দ্রুত অপসারণ করতে হবে। আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে সুষ্ঠু তদন্ত ও কার্যকর ব্যবস্থার আকুল আবেদন জানাচ্ছি।” এ বিষয়ে জানতে চাইলে চুন ব্যবসায়ী ও ভাড়াটিয়া কিতাব আলী বলেন, “আমি চুক্তিনামা সই করেই ঘরটি গুদাম হিসেবে ভাড়া নিয়েছি।
তবে বাড়িওয়ালা রুকনুজ্জামান রুকন যদি আমাকে গুদাম সরিয়ে নিতে বলেন, তবে আমি তা সরিয়ে নেব।” ঘটনার বিষয়ে বক্তব্য জানতে গুদাম ঘরের মালিক রুকনুজ্জামান রুকনের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁকে পাওয়া যায়নি। পরিবেশ বিশেষজ্ঞদের মতে, ঘনবসতিপূর্ণ আবাসিক এলাকায় বা বসতবাড়ির সাথে প্রক্রিয়াজাত না করা চুন মজুত রাখা পরিবেশ ও স্বাস্থ্য বিধিমালার স্পষ্ট লঙ্ঘন। দ্রুত এ বিষয়ে প্রশাসনিক পদক্ষেপ না নিলে আশপাশের এলাকার জনস্বাস্থ্য আরও হুমকির মুখে পড়বে বলে মনে করছেন স্থানীয়রা।
কিউএনবি/আয়শা/১৯ অক্টোবর ২০২৬,/রাত ৮:১২