আন্তর্জাতিক ডেস্ক : লোহিত সাগরের প্রবেশদ্বার বাব আল-মানদেব প্রণালিতে হুতি বিদ্রোহীদের নিয়ন্ত্রণ এবং প্রভাব বৃদ্ধি মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের বড় ধরনের সামরিক ও রাজনৈতিক পরাজয়েরই প্রতিফলন বলে মন্তব্য করেছে ইরান।
ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির শীর্ষ সামরিক উপদেষ্টা মেজর জেনারেল ইয়াহিয়া রহিম সাফাভি এই মন্তব্য করেন।
দেশটির আধা-সরকারি বার্তা সংস্থা ফার্স নিউজ এজেন্সির বরাতে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক গণমাধ্যম আল-জাজিরা।
ইয়াহিয়া রহিম সাফাভি বলেন, আঞ্চলিক সামরিক ঘাঁটি ও বিপুল অস্ত্রশস্ত্রের পেছনে শত শত কোটি ডলার ঢেলে দিয়েও পারস্য উপসাগরীয় অঞ্চলের ‘নিরাপত্তা ব্যবস্থা’ সামলাতে চরমভাবে ব্যর্থ হয়েছে ওয়াশিংটন। তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গৃহীত নীতিকে ‘অযৌক্তিক’ বলেও আখ্যা দেন।
এদিকে, বাব আল-মানদেব প্রণালিসংলগ্ন অঞ্চলে হুতিদের সামরিক অবস্থান নিয়ে পাল্টাপাল্টি দাবি উঠে এসেছে। ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারি বাহিনী দাবি করেছে, হুতিদের বিরুদ্ধে শুরু করা জোরালো সামরিক অভিযানের প্রথম দিনেই তারা কৌশলগত গুরুত্বপূর্ণ ধুবাব জেলা ও আশপাশের বেশ কিছু মূল পয়েন্ট নিজেদের নিয়ন্ত্রণে নিতে সক্ষম হয়েছে।
তবে ইয়েমেন সরকারের এই দাবিকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে হুতি বিদ্রোহীরা। তাদের দাবি, ওই এলাকায় তাদের অবস্থান শক্ত রয়েছে।
কিউএনবি/অনিমা/০৬ অক্টোবর ২০২৬,/রাত ১২:৪৯