ডেস্ক নিউজ : বরিশালের আগৈলঝাড়ায় যৌতুকের দাবিতে শ্বশুরবাড়ির লোকজনের নির্যাতন ও প্রবাসী স্বামীর মানসিক নির্যাতনের অভিযোগে বিষপান করে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। রবিবার দিবাগত রাতে স্বামীর সঙ্গে ভিডিও কলে কথা বলার পর বিষপান করেন তিনি। সোমবার বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত ঝুমুর খানম সেতু (২৭) আগৈলঝাড়া উপজেলার গৈলা ইউনিয়নের উত্তর শিহিপাশা গ্রামের আব্দুল করিম খানের মেয়ে। তিনি গৌরনদী পৌরসভার চরগাধাতলী এলাকার মৃত হারুন কাজীর ছেলে কুয়েত প্রবাসী শাহরিয়ার কাজী ওরফে শাহাবুদ্দিনের স্ত্রী। তাদের চার বছরের একটি কন্যা সন্তান রয়েছে।
নিহতের খালা পারভীন আক্তার জানান, প্রায় পাঁচ বছর আগে পারিবারিকভাবে শাহরিয়ার কাজীর সঙ্গে ঝুমুরের বিয়ে হয়। বিয়ের পর থেকেই পাঁচ লাখ টাকা যৌতুকের দাবিতে শাশুড়ি, দুই ননদ ও এক ননদের স্বামীর বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ করেন তিনি। এ কারণে ঝুমুর দীর্ঘদিন ধরে মেয়েকে নিয়ে বাবার বাড়িতে থাকতেন।
পারভীনের অভিযোগ, ঝুমুর বাবার বাড়িতে থাকার পরও শাশুড়ি রুনু বেগম, ননদ নাজমিন বেগম, শারমিন ও রিয়া এবং নাজমিনের স্বামী সাইদুল হাওলাদারের প্ররোচনায় প্রবাসী স্বামী শাহরিয়ার মোবাইল ফোনে ঝুমুরকে অশ্লীল ভাষায় গালমন্দ করতেন।
তিনি আরও অভিযোগ করেন, ঝুমুরের চেহারা নিয়ে কটূক্তি করা, পাঁচ লাখ টাকা যৌতুক না দেওয়া এবং বিয়ের সময় পাঁচশ বরযাত্রী নিয়ে যেতে না পারাসহ বিভিন্ন বিষয় নিয়ে তাকে মানসিকভাবে নির্যাতন করা হতো।
পারভীন আক্তারের দাবি, রবিবার দিবাগত রাতে শাহরিয়ার ভিডিও কলে ঝুমুরকে বিষপান করে মারা যেতে বলেন। এরপর মানসিকভাবে ভেঙে পড়ে ঝুমুর বিষপান করেন। বিষয়টি জানতে পেরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে প্রথমে আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানকার চিকিৎসকদের পরামর্শে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সোমবার বিকেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এ ঘটনায় মামলা করা হবে বলে জানিয়েছেন নিহতের খালা পারভীন আক্তার।
আগৈলঝাড়া থানার ওসি মোহাম্মদ মাসুদ খান বলেন, বিষয়টি শুনেছি। তবে এখন পর্যন্ত থানায় কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
অভিযোগের বিষয়ে শাহরিয়ার ও তার পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তারা কোনো মন্তব্য করতে রাজি হননি।
কিউএনবি/অনিমা/০৬ অক্টোবর ২০২৬,/রাত ১২:৪২