শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১১:১৫ অপরাহ্ন
শিরোনাম
ভারত-পাকিস্তান সম্পর্কের বরফ কী গলবে? জবাবে যা বললেন রাহুল এক টেবিলে ট্রাম্প-শি-পুতিন, বিশ্ব ভাগের নতুন সমীকরণ? যুক্তরাষ্ট্রের নতুন সাইবার পরিচালক কে এই কার্স্টেন ডেভিস বাভুমার বদলি হিসেবে দক্ষিণ আফ্রিকার টেস্ট দলে নতুন মুখ ট্রেন থামিয়ে ২ কোটি ২০ লাখ ডলারের পণ্য লুট, অভিযুক্ত ১৩ ফ্রিল্যান্সিংয়ে দক্ষ জনশক্তি গড়তে পারলে বদলে যাবে পাহাড়ের অর্থনীতি: মীর হেলাল রায় বাস্তবায়ন এবং রোহিঙ্গা জনগোষ্ঠীর ক্ষতিপূরণ নিশ্চিত করতে কাজ করবে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির ‘জয় বাংলা’ এখন সন্ত্রাসীদের পালানোর স্লোগানে পরিণত হয়েছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির  ওড়িশায় আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘আকভান’, সারা দেশে ভারি বৃষ্টির আভাস ইসলামে যে ৪ আকাঙ্ক্ষা নিষিদ্ধ

ফ্রিল্যান্সিংয়ে দক্ষ জনশক্তি গড়তে পারলে বদলে যাবে পাহাড়ের অর্থনীতি: মীর হেলাল

আলমগীর মানিক,রাঙামাটি প্রতিনিধি।
  • Update Time : শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬
  • ১৩ Time View

আলমগীর মানিক,রাঙামাটি : পার্বত্য চট্টগ্রামে ফ্রিল্যান্সিং ও প্রযুক্তিনির্ভর কর্মসংস্থানের মাধ্যমে দক্ষ জনশক্তি গড়ে তুলতে পারলে এ অঞ্চলের অর্থনীতির চিত্র বদলে দেওয়া সম্ভব বলে মন্তব্য করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার বীর মোহাম্মদ হেলাল উদ্দীন (মীর হেলাল), এমপি। তিনি বলেছেন, পাহাড়ের বেকারত্ব দূর করে তরুণদের স্বাবলম্বী করতে প্রযুক্তিনির্ভর কর্মসংস্থান ও উদ্যোক্তা তৈরির উদ্যোগ বাড়াতে হবে।

শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায় রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রীর অগ্রাধিকারভুক্ত কর্মসূচির আওতায় ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ সম্পন্নকারী তরুণ-তরুণীদের মধ্যে সনদপত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান শুরু থেকেই তরুণদের কর্মসংস্থান সৃষ্টি ও স্বাবলম্বী করার পরিকল্পনা নিয়ে কাজ করছেন। এরই ধারাবাহিকতায় ফ্রিল্যান্সিং খাতে বিভিন্ন প্রণোদনা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের মাধ্যমেও তরুণ-তরুণীদের প্রশিক্ষণ ও কর্মশালার আয়োজন করা হচ্ছে। পাশাপাশি ফ্রিল্যান্সারদের জন্য একাধিক ই-পেমেন্ট গেটওয়ে উন্মুক্ত করা এবং কর ও ভ্যাটসংক্রান্ত প্রক্রিয়া সহজ করার উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি বলেন, বড় বিনিয়োগ করে একসঙ্গে বিপুল কর্মসংস্থান সৃষ্টি করা কঠিন হলেও প্রশিক্ষিত জনবল তৈরি করে অল্প সময়েই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব। একটি প্রশিক্ষণ কর্মসূচির মাধ্যমে ১০০ জন দক্ষ জনবল তৈরি করা গেলে তাঁদের অধিকাংশই আনুষ্ঠানিক কিংবা অনানুষ্ঠানিক অর্থনীতির সঙ্গে যুক্ত হতে পারবেন। পরবর্তী সময়ে তাঁদের অনেকেই অন্যদের সহযোগী বা সহকারী হিসেবে নিয়োগ দিয়ে কর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টি করতে পারবেন। এভাবে ব্যক্তিগত আয়ের পাশাপাশি স্থানীয় অর্থনীতিতেও নতুন গতির সঞ্চার হবে।

মীর হেলাল বলেন, ফ্রিল্যান্সিং শুধু বেকারত্ব দূর করার মাধ্যম নয়, এর মাধ্যমে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জনেরও সুযোগ রয়েছে। আন্তর্জাতিক বাজারে কল সেন্টারসহ বিভিন্ন সেবামূলক খাতে বাংলাদেশের তরুণদের কাজ করার ব্যাপক সম্ভাবনা রয়েছে। ইউরোপ, আমেরিকা ও সিঙ্গাপুরের মতো উন্নত দেশের অনেক প্রতিষ্ঠান পার্শ্ববর্তী দেশগুলো থেকে প্রশিক্ষিত জনবল নিয়ে এসব সেবা পরিচালনা করছে। বাংলাদেশের তরুণ-তরুণীরাও মেধা ও দক্ষতায় পিছিয়ে নেই। প্রয়োজন যথাযথ প্রশিক্ষণ, সুযোগ ও উদ্যোক্তা তৈরির পরিবেশ। তারই ধারাবাহিকতায় বর্তমান সরকার কর্তৃক গৃহিত ফ্রিল্যান্সিং, ই-লার্নিং এবং জেলা পরিষদের কর্মমুখী প্রকল্পগুলো যথাযথভাবে বাস্তবায়ন করা গেলে পার্বত্য চট্টগ্রামের অর্থনৈতিক পরিস্থিতিতে দৃশ্যমান ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব বলেও মন্তব্য করেছেন প্রতিমন্ত্রী।

স্থানীয় অর্থনীতিতে অর্থের প্রবাহ ও অর্থনৈতিক চক্রের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, একজন মানুষ যখন পাঁচ হাজার টাকা ব্যয় করেন, তখন সেই অর্থের একটি অংশ মুরগি সরবরাহকারী, সবজি বিক্রেতা কিংবা কাপড় ব্যবসায়ীর কাছে পৌঁছে যায়। এভাবেই একটি এলাকার অর্থনৈতিক চক্র সচল থাকে। স্থানীয় পর্যায়ে যত বেশি কর্মসংস্থান ও আয়ের সুযোগ তৈরি হবে, তত বেশি অর্থের প্রবাহ বাড়বে এবং উন্নয়নের গতি ত্বরান্বিত হবে। তাই ব্যক্তিগত সচ্ছলতার পাশাপাশি সমাজ, এলাকা ও দেশের অর্থনৈতিক অগ্রগতিতেও সবাইকে ভূমিকা রাখতে হবে।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান দীপন তালুকদার বলেন, পার্বত্য অঞ্চলের পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে প্রযুক্তিনির্ভর ও দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তুলতে জেলা পরিষদ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তরুণ প্রজন্মকে কর্মমুখী ও স্বাবলম্বী করে তুলতে ভবিষ্যতেও এ ধরনের প্রযুক্তিনির্ভর প্রশিক্ষণ কার্যক্রম অব্যাহত থাকবে।

অনুষ্ঠানে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা খন্দকার রেজাউল করিম, জেলা পরিষদের সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশিদ মামুন, পরিষদের সদস্য ও সাবেক ছাত্রনেতা ফারুক আহাম্মেদ সাব্বির, নির্বাহী প্রকৌশলী এরশাদুল হক মণ্ডলসহ পরিষদের অন্যান্য সদস্য ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শেষপর্যায়ে প্রশিক্ষণ সম্পন্নকারী তরুণ-তরুণীদের হাতে প্রধান অতিথি, অনুষ্ঠানের সভাপতি ও অন্যান্য অতিথিরা সনদপত্র তুলে দেন। সনদপত্র পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন প্রশিক্ষণার্থীরা।

 

 

কিউএনবি/আয়শা/২০ নভেম্বর ২০২৬,/রাত ১০:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit