ডেস্ক নিউজ : ঘূর্ণিঝড় ‘আকভানের’ প্রভাবে ভোলার দৌলতখানের উপকূলীয় এলাকায় টানা বৃষ্টি ও দমকা হাওয়ায় উত্তাল হয়ে উঠেছে মেঘনা নদী। এতে চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন চরাঞ্চলের মহিষ মালিক ও খামারিরা। নদীবেষ্টিত দুর্গম চরাঞ্চলে বসবাসকারী মানুষের পাশাপাশি তাদের গবাদিপশুর নিরাপত্তা নিয়েও দেখা দিয়েছে তীব্র উদ্বেগ।
স্থানীয় সূত্রে জানা গেছে, দৌলতখানের মেঘনা নদীর বুক চিরে জেগে ওঠা ছোট-বড় অন্তত ১৫টি চরে প্রায় ৫০ বছর ধরে হাঁকডাক দিয়ে ঐতিহ্যবাহী এই মহিষ পালন চলে আসছে। চরাঞ্চলের বিস্তীর্ণ ঘাসের মাঠ ও প্রাকৃতিক পরিবেশে বেড়ে ওঠা এসব মহিষ স্থানীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এবং অনেক পরিবার এর ওপর নির্ভর করে জীবিকা নির্বাহ করে। কিন্তু ঘূর্ণিঝড় কিংবা জলোচ্ছ্বাসের সংকেত দেখা দিলেই মহিষের নিরাপদ আশ্রয় নিয়ে দুশ্চিন্তায় পড়েন খামারিরা।
খামারিদের অভিযোগ, সরকারি উদ্যোগে চরাঞ্চলে এখনো গড়ে ওঠেনি কোনো নিরাপদ, আধুনিক ও টেকসই আশ্রয় কেন্দ্র (কেল্লা)। ফলে ঝড়, জলোচ্ছ্বাস, বন্যা ও নদীভাঙনের মতো প্রাকৃতিক দুর্যোগে গবাদিপশু নিয়ে চরম ঝুঁকিতে থাকতে হয় তাদের। ভুক্তভোগীরা জানান, ঝড়, উজানের পানি বৃদ্ধি ও অস্বাভাবিক জোয়ারের কারণে গত পাঁচ থেকে সাত মাসে দৌলতখানের বিভিন্ন চর থেকে চার শতাধিক মহিষ ও গবাদিপশু ভেসে গেছে। একই সঙ্গে পানিতে ডুবে গেছে খামারিদের গোয়ালঘর, বসতঘর ও প্রয়োজনীয় আসবাবপত্র। একদিকে প্রাকৃতিক দুর্যোগে পশু হারানোর শঙ্কা, অন্যদিকে নদী ডাকাতের আতঙ্ক—এই দুই দিকের উৎকণ্ঠায় চরম দুর্ভোগে দিন কাটছে খামারিদের। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরিও (জিডি) করা হয়েছে।
দৌলতখানের চরের খামার মালিক ও বিএনপি নেতা জাকির হোসেন বাবুল বলেন, বছরের পর বছর ধরে চরাঞ্চলে মহিষের সংখ্যা বাড়লেও সেগুলোর নিরাপদ আশ্রয়ের জন্য প্রয়োজনীয় টেকসই ব্যবস্থা গড়ে ওঠেনি। স্বাধীনতার পর দীর্ঘ প্রায় ৫০ বছর পেরিয়ে গেলেও মহিষ রক্ষায় পর্যাপ্ত ও টেকসই কেল্লা নির্মাণ করা হয়নি। জলোচ্ছ্বাস ও ঘূর্ণিঝড়ের সময় মহিষগুলোকে নিরাপদে রাখার জন্য উঁচু ও মজবুত কেল্লা অত্যন্ত জরুরি। আশ্রয় কেন্দ্র না থাকায় বাধ্য হয়ে ঝুঁকি নিয়েই মহিষগুলোকে চরে রাখতে হয়।
দৌলতখানের চর মদনপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান হেলাল বলেন, চর বৈরাগী, চর কালি, চর মদনপুর, চর মুন্সি, চর পদ্মা, চর টবগী, চর ফকিরা, চর মধুপুর ও চর কৃষ্ণ—এসব চর থেকে ঝড়, উজানের পানি ও অস্বাভাবিক জোয়ারে শত শত মহিষ ও গবাদিপশু ভেসে অন্যত্র চলে যায়। এতে খামারিদের বড় ধরনের লোকসানের মুখে পড়তে হয়। এখানে সরকারি উদ্যোগে আধুনিক ও টেকসই কেল্লা নির্মাণ জরুরি।
ভোলা জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. রফিকুল ইসলাম খান বলেন, দৌলতখানের চরাঞ্চলে মহিষের নিরাপদ আশ্রয়স্থলের জন্য মন্ত্রণালয়ে আধুনিক কেল্লা চেয়ে চাহিদাপত্র পাঠানো হয়েছে। দৌলতখান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল মতিন খান যুগান্তরকে জানান, ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে চরে মহিষ মালিকরা ক্ষতিগ্রস্ত হলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
কিউএনবি/আয়শা/২০ নভেম্বর ২০২৬,/রাত ১০:৩৩