ডেস্ক নিউজ : ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে একটি ভাড়া বাড়ির টিনশেডের চালের ওপর গ্রেনেড-সদৃশ বস্তু ঘিরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাড়ির বাসিন্দাদের নিরাপদে সরিয়ে নেয়। পরে বোম্ব ডিসপোজাল ইউনিট বস্তুটি উদ্ধার করে সেটিকে প্লাস্টিকের খেলনা গ্রেনেড বলে নিশ্চিত করে।
আজ সোমবার (৫ অক্টোবর) দুপুর ১২টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জ থানার হাসনাবাদ হাউজিংয়ের ব্লক-এ, রোড নম্বর-৮ এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানান, মো. সিদ্দিকুর রহমানের মালিকানাধীন একটি ভাড়া বাড়ির টিনশেডের ওপর গ্রেনেড-সদৃশ বস্তুটি দেখতে পান স্থানীয়রা। পরে বিষয়টি দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশকে জানানো হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাড়ির ভাড়াটিয়াদের নিরাপদে সরিয়ে দিয়ে বাড়িটি ঘিরে রাখে। বিকেল ৪টা ২০ মিনিটের দিকে পুলিশ পরিদর্শক কাজী তোবারক হোসেনের নেতৃত্বে বোম্ব ডিসপোজাল ইউনিটের একটি দল ঘটনাস্থলে পৌঁছে বস্তুটি উদ্ধারের পর দেখা যায় সেটি প্লাস্টিকের খেলনা গ্রেনেড।
বাড়ির ভাড়াটিয়া মিতু আক্তার বলেন, দুপুরে হঠাৎ শুনি আমাদের বাড়ির টিনের ওপর গ্রেনেড-সদৃশ বস্তু রয়েছে। তখন আতঙ্কে সবাইকে নিয়ে দ্রুত বের হয়ে যাই। পরে বিকেলে উদ্ধার করে দেখি, সেটি প্লাস্টিকের খেলনা। আল্লাহ রক্ষা করেছেন, অনেক আতঙ্কে ছিলাম।
কেরানীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. জামিলুল হক বলেন, খবর পাওয়ার পর পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে বাড়ির ভাড়াটিয়াদের নিরাপদে সরিয়ে নেয়। পরে বোম্ব ডিসপোজাল ইউনিট এসে গ্রেনেড-সদৃশ বস্তুটি উদ্ধার করে দেখে সেটি প্লাস্টিকের খেলনা গ্রেনেড।
তিনি বলেন, ধারণা করা হচ্ছে, আশপাশের কোনো বাড়ির ছাদ থেকে শিশু-কিশোররা খেলাধুলার সময় খেলনা গ্রেনেডটি টিনশেডের ওপর ছুড়ে ফেলেছিল।
শিশুদের হাতে এ ধরনের গ্রেনেড-সদৃশ খেলনা না দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, যেসব খেলনা রাস্তায় বা কোথাও পড়ে থাকলে জনমনে আতঙ্ক সৃষ্টি হবে, এমন খেলনা শিশুদের হাতে না দেওয়াই উত্তম।
কিউএনবি/অনিমা/০৬ অক্টোবর ২০২৬,/রাত ১২:২০