আন্তর্জাতিক ডেস্ক : উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনা ও জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে হামলা জোরদার করেছে ইরান। গত এক সপ্তাহে হরমুজ প্রণালিতে অন্তত ২৫টি তেলবাহী ট্যাংকারে হামলা, মার্কিন সামরিক ঘাঁটির রাডার লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন অভিযান এবং একাধিক মার্কিন ড্রোন ভূপাতিত করার দাবি করেছে তেহরান। এতে বিশ্ব জ্বালানি সরবরাহের অন্যতম গুরুত্বপূর্ণ রুটে অস্থিরতা আরও বেড়েছে।
শনিবার বাহরাইনের রাজধানী মানামা জানায়, ইরানের হামলায় একটি বেসামরিক শিল্পকারখানায় আগুন ধরে যায়। অন্যদিকে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) দাবি করেছে, বাহরাইনের আল-রিফা ও আওয়ালি ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়ে দুটি মার্কিন প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা রাডার ধ্বংস করেছে। ইরানের দাবি, হরমুজ প্রণালির হেঙ্গাম দ্বীপে মার্কিন হামলার জবাবে এ অভিযান চালানো হয়েছে।
এছাড়া কুয়েতের আলী আল সালেম ঘাঁটিতে মার্কিন ড্রোন ও ক্ষেপণাস্ত্র স্থাপনা লক্ষ্য করে হামলার কথাও জানিয়েছে ইরান। রবিবার হরমুজ প্রণালির পূর্বদিকে আরেকটি মার্কিন এমকিউ-১ ড্রোন ভূপাতিত করার দাবি করেছে আইআরজিসি। তাদের দাবি, যুদ্ধ শুরুর পর এ ধরনের ২০টি মার্কিন ড্রোন ধ্বংস করা হয়েছে।
হামলার প্রভাব পড়েছে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলেও। যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনসের তথ্য অনুযায়ী, ১২ থেকে ১৮ নভেম্বর পর্যন্ত এ প্রণালি দিয়ে ২৬৩টি জাহাজ চলাচল করেছে, যা আগের সপ্তাহের তুলনায় ১৫ শতাংশ কম। একই সময়ে তেলবাহী ট্যাংকার চলাচল ৫২টি থেকে কমে ৩৭টিতে নেমেছে। যুদ্ধের আগে প্রতিদিন গড়ে প্রায় ১৩৫টি জাহাজ এ পথ ব্যবহার করত।
বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্রের অবরোধ ও নিষেধাজ্ঞার অর্থনৈতিক চাপ মোকাবিলায় ইরান এখন সংঘাতের মূল্য পুরো উপসাগরীয় অঞ্চলে ছড়িয়ে দিতে চাইছে। এর মাধ্যমে ওয়াশিংটনের আঞ্চলিক মিত্রদের ওপর চাপ সৃষ্টি করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে যুদ্ধ বন্ধে বাধ্য করাই তেহরানের অন্যতম লক্ষ্য।
ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিবাবাদি বলেছেন, যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক অবরোধকে যুদ্ধের শামিল হিসেবে বিবেচনা করে তেহরান তা ভাঙতে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।
এদিকে কুইন্সি ইনস্টিটিউটের নির্বাহী ভাইস প্রেসিডেন্ট ত্রিতা পারসি সতর্ক করে বলেছেন, যুক্তরাষ্ট্র অবরোধ অব্যাহত রাখলে সংঘাত আরও বাড়তে পারে। তার মতে, নতুন করে সামরিক সংঘাত এড়াতে হলে ওয়াশিংটনকে ধীরে ধীরে অবরোধ ও কিছু নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে।
তবে ট্রাম্প শনিবার ইরানের সঙ্গে স্থায়ী সমঝোতার আশাবাদ ব্যক্ত করেছেন। তিনি বলেছেন, এমন একটি চুক্তি চান, যাতে ইরান কখনও পারমাণবিক অস্ত্র অর্জন করতে না পারে। সূত্র: আল-জাজিরা
বিডি প্রতিদিন/একেএ
কিউএনবি/অনিমা/২২ নভেম্বর ২০২৬,/রাত ১০:৪৭