রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১০:৫২ অপরাহ্ন

চীনের এআই খাতের শেয়ারে ধস, বাজারমূল্য কমেছে ১.৭ ট্রিলিয়ন ডলার

Reporter Name
  • Update Time : রবিবার, ২২ নভেম্বর, ২০২৬
  • ১৯ Time View

আন্তর্জাতিক ডেস্ক : কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতের শেয়ারে বড় ধরনের দরপতনের মুখে পড়েছে চীন। জুনের শেষ থেকে দেশটির তিনটি প্রধান প্রযুক্তিভিত্তিক শেয়ারসূচকের অন্তর্ভুক্ত কোম্পানিগুলোর সম্মিলিত বাজারমূল্য কমেছে প্রায় ১ দশমিক ৭ ট্রিলিয়ন বা ১ লাখ ৭০ হাজার কোটি ডলার। বছরের প্রথমার্ধে ব্যাপক উত্থানের পর এই পতন বিনিয়োগকারীদের উদ্বেগ বাড়িয়েছে।

ব্লুমবার্গের সংগৃহীত তথ্য অনুযায়ী, বছরের প্রথম ছয় মাসে চীনের এআই মডেল নির্মাতা জেডএআই এবং প্রযুক্তি যন্ত্রাংশ প্রস্তুতকারক ঝংজি ইনোলাইটের মতো প্রতিষ্ঠানের শেয়ারের দাম কয়েক গুণ বেড়ে রেকর্ড উচ্চতায় পৌঁছেছিল। কিন্তু সেই উত্থান দীর্ঘস্থায়ী হয়নি।

বিশ্বজুড়ে এআই খাতের শেয়ারবাজারে মন্দা দেখা দিলেও চীনের কোম্পানিগুলো বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। শেয়ারের তুলনামূলক বেশি মূল্যায়ন, সরকারি সহায়তার ওপর নির্ভরতা এবং যুক্তরাষ্ট্রের প্রযুক্তি রপ্তানিতে বিধিনিষেধ এর অন্যতম কারণ।

চীনের হ্যাং সেং প্রযুক্তি সূচক দুই বছরের সর্বনিম্ন পর্যায়ে নেমেছে। অন্যদিকে, দেশটির চাইনেক্সট সূচক চলতি বছরে ৩১ শতাংশ কমেছে। স্টার ৫০ সূচকেও আগের উত্থান মুছে গেছে।

এদিকে, চলতি মাসে যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত নতুন বিধিনিষেধ অনুযায়ী, চীনা প্রতিষ্ঠানগুলো বিদেশের তথ্যকেন্দ্র ভাড়া নিয়ে এনভিডিয়াসহ বিভিন্ন প্রতিষ্ঠানের উন্নত চিপ ব্যবহারের সুযোগ হারাতে পারে।

চিপের সংকটে টেনসেন্টের নতুন এআই মডেল বাজারে আনতে বিলম্ব হতে পারে বলে সতর্ক করেছে প্রতিষ্ঠানটি। অন্যদিকে, আলিবাবা জানিয়েছে, আগামী বছর তাদের ক্লাউড সেবার বিক্রয় বৃদ্ধির হার কমতে পারে।

বিনিয়োগ প্রতিষ্ঠান ভ্যানটেজ পয়েন্ট অ্যাসেট ম্যানেজমেন্টের প্রধান বিনিয়োগ কর্মকর্তা নিক ফেরেসের মতে, এআই থেকে পর্যাপ্ত আয় না হওয়া, কম্পিউটিং সক্ষমতার সীমাবদ্ধতা, প্রতিযোগিতা ও মুনাফার ওপর চাপ পরিস্থিতিকে জটিল করেছে। তবে মার্কিন বিধিনিষেধের কারণে চীনের স্থানীয় চিপ উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর ব্যবসা বাড়ার সম্ভাবনাও রয়েছে।

কিউএনবি/অনিমা/২২ নভেম্বর ২০২৬,/রাত ১০:১৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit