ডেস্ক নিউজ : রাজধানীর মেরুল বাড্ডায় অবস্থিত ব্র্যাক বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে। একটি ই-মেইলের মাধ্যমে এই হুমকি পাওয়ার পর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বাড্ডা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছে। এর পরিপ্রেক্ষিতে ক্যাম্পাসে পুলিশের নিরাপত্তা বাড়ানো হয়েছে।
পুলিশ জানিয়েছে, গত রোববার সন্ধ্যা পৌনে সাতটার দিকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে ওই ই-মেইলটি আসে।
‘TypicalChineseman@gmail.com’ নামের একটি ঠিকানা থেকে বার্তাটি পাঠানো হয়। ওই ই-মেইলে মঙ্গলবার ক্যাম্পাসে একাধিক বোমা হামলা চালানোর হুমকি দেওয়া হয়। সেখানে লেখা ছিল, ‘যা ঘটতে চলেছে, তা তোমাদের কেউই থামাতে পারবে না।’
এ বিষয়ে বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মো. নাসিরুল আমিন বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে জিডি করার পর আমরা ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার করেছি। হুমকিদাতা ব্যক্তি বা গোষ্ঠীকে এখনো শনাক্ত করা যায়নি। তবে বিষয়টি নিয়ে আমরা গুরুত্বের সঙ্গে তদন্ত করছি।
কিউএনবি/অনিমা/০৬ অক্টোবর ২০২৬,/রাত ১২:২৫