আন্তর্জাতিক ডেস্ক : নিরাপদ থাকবে ভেবে দামি ঘড়িটি এক জোড়া জুতার ভেতরে রেখেছিলেন এক যাত্রী। এরপর সেটি দিয়েছিলেন বিমানের চেকড লাগেজে। কিন্তু গন্তব্যে পৌঁছে দেখেন, তালাবদ্ধ দুই স্যুটকেসের জিপার জোর করে খোলা হয়েছে। আর প্রায় ৭৯ হাজার ডলারের বিলাসবহুল ঘড়িটিও উধাও।
ঘটনাটি ঘটেছে যুক্তরাষ্ট্রের লুই আর্মস্ট্রং নিউ অরলিন্স আন্তর্জাতিক বিমানবন্দরে। চুরির অভিযোগে সেখানকার দুই ব্যাগেজকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। নিউইয়র্ক পোস্টের বরাতে প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
অভিযুক্তরা হলেন ৪২ বছর বয়সী থ্যাডিয়াস পোর্টার ও ১৮ বছরের মরিস রবিনসন। জেফারসন প্যারিশ শেরিফের কার্যালয়ের তদন্তের পর তাদের আটক করা হয়।
গত ২৪ সেপ্টেম্বর সকালে লস অ্যাঞ্জেলেস থেকে নিউ অরলিন্সে পৌঁছান ওই যাত্রী। লাগেজ হাতে পাওয়ার পরই তিনি দুই স্যুটকেসের জিপার খোলা দেখতে পান। ভেতরে খুঁজে দেখেন, জুতার মধ্যে রাখা প্যাটেক ফিলিপ অ্যাকুয়ানট হাতঘড়িটি নেই। ঘড়িটির মূল্য প্রায় ৭৯ হাজার ৫০ ডলার। বিষয়টি বুঝতে পেরেই কর্তৃপক্ষকে জানান তিনি।
এরপর বিমানবন্দরের নিরাপত্তা ক্যামেরার ফুটেজ পরীক্ষা করেন তদন্তকারীরা। লাগেজটি কারা সামলেছিলেন, তা খুঁজে বের করা হয়। ফুটেজ দেখে পোর্টার ও রবিনসনকে শনাক্ত করেন কর্মকর্তারা। তারা ওই যাত্রীর এয়ারলাইনের লাগেজ ব্যবস্থাপনার দায়িত্বে ছিলেন।
সেদিনই দুজনকে গ্রেপ্তার করা হয়। ২৫ হাজার ডলারের বেশি মূল্যের সম্পদ চুরির অভিযোগ আনা হয়েছে তাদের বিরুদ্ধে।
আদালতের নথি অনুযায়ী, পরদিন প্রত্যেকে ২৫ হাজার ডলারের বন্ড দিয়ে মুক্তি পান। তবে চুরি হওয়া ঘড়িটি উদ্ধার হয়েছে কি না, তা জানায়নি কর্তৃপক্ষ।
এ ধরনের ঘটনা এড়াতে দামি ঘড়ি, গয়না, ইলেকট্রনিকস বা নগদ অর্থ চেকড লাগেজে না রেখে হাতব্যাগে রাখার পরামর্শ দেন ভ্রমণ নিরাপত্তা বিশেষজ্ঞরা।
কিউএনবি/অনিমা/০৬ অক্টোবর ২০২৬,/রাত ১২:৪৬