ডেস্ক নিউজ : আগামী ডিসেম্বর মাসে শীতকালীন অবকাশ ও বিভিন্ন ছুটিতে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে দীর্ঘদিন পাঠদান বন্ধ থাকবে। তবে প্রাথমিক, মাধ্যমিক, কলেজ ও মাদ্রাসার ছুটির মেয়াদে ভিন্নতা রয়েছে।
প্রাথমিক বিদ্যালয়ে ২০ ডিসেম্বর থেকে শীতকালীন অবকাশ শুরু হবে। এদিন রোববার হওয়ায় এর আগের দুই দিন শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকবে। শীতকালীন অবকাশ শেষ হবে ২৯ ডিসেম্বর মঙ্গলবার।
মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক বিদ্যালয়ে ২০ ডিসেম্বর থেকে ২৯ ডিসেম্বর পর্যন্ত শীতকালীন অবকাশ থাকবে। এ ছুটির আগে শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরাও টানা ১২ দিনের ছুটি পাবেন।
কলেজ ও উচ্চমাধ্যমিক স্তরে ছুটি আরও বেশি। মাউশির কলেজ শাখার বিজ্ঞপ্তি অনুযায়ী, ১৭ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ছুটি থাকবে। এর আগে ১৬ ডিসেম্বর বিজয় দিবসের ছুটি রয়েছে। ৩১ ডিসেম্বর বৃহস্পতিবার হওয়ায় এরপর শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি পড়বে। ফলে কলেজ ও উচ্চমাধ্যমিক স্তরে সব মিলিয়ে ১৮ দিনের ছুটি হবে।
মাদ্রাসায় ১৩ ডিসেম্বর থেকে ২৪ ডিসেম্বর পর্যন্ত ছুটি থাকবে। এর আগে ও পরে দুই দিন করে সাপ্তাহিক ছুটি থাকায় সরকারি-বেসরকারি মাদ্রাসা, স্বতন্ত্র এবতেদায়ি, দাখিল, আলিম, ফাজিল ও কামিল স্তরে মোট ১৫ দিনের ছুটি হবে।
এই ছুটির মধ্য দিয়েই শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর ২০২৬ সালের নির্ধারিত ছুটি শেষ হবে। এর সঙ্গে প্রতিষ্ঠানপ্রধানের সংরক্ষিত দুই দিনের ছুটি যুক্ত করলে কোনো কোনো শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা আরও দুই দিন বেশি ছুটি ভোগ করতে পারবেন।
কিউএনবি/আয়শা/২৫ নভেম্বর ২০২৬,/রাত ১২:১২