ডেস্ক নিউজ : কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীদের বিরুদ্ধে সহিংসতা, নাশকতা, অর্থ পাচার ও সন্ত্রাসবাদে জড়িত থাকার অভিযোগ তুলে ধরেছে সরকার। দলটির কর্মকাণ্ডে দেশে ভীতি ও নিরাপত্তাহীনতার পরিবেশ তৈরি হচ্ছে বলেও বিদেশি কূটনীতিকদের জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
ঢাকায় বিদেশি কূটনীতিকদের কাছে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও সাম্প্রতিক নিরাপত্তা চ্যালেঞ্জ তুলে ধরতে এ ব্রিফিংয়ের আয়োজন করে পররাষ্ট্র মন্ত্রণালয়। পরে দেশি-বিদেশি কূটনীতিকদের সঙ্গে কথা বলে ব্রিফিংয়ের এসব তথ্য জানা গেছে। সকাল ৯টায় শুরু হয়ে প্রায় আধা ঘণ্টা চলে এ ব্রিফিং। এতে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, চীন, রাশিয়া, জাপান ও ভারতসহ ঢাকায় বিভিন্ন দেশের শীর্ষ কূটনীতিক এবং জাতিসংঘসহ বেশ কয়েকটি আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা অংশ নেন। সব মিলিয়ে ৫০টির বেশি মিশনের প্রতিনিধি উপস্থিত ছিলেন।
ব্রিফিংয়ে হুমায়ুন কবির বলেন, আমাদের আন্তর্জাতিক বন্ধু ও অংশীদারদের বোঝাপড়া এবং গঠনমূলক সম্পৃক্ততাকে আমরা অত্যন্ত গুরুত্ব দিই। শান্তিপূর্ণ, স্থিতিশীল ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে গণতান্ত্রিক উত্তরণ, প্রাতিষ্ঠানিক সংস্কার এবং অর্থনৈতিক পুনরুদ্ধারের কার্যক্রম এগিয়ে নিতে আমরা আপনাদের অব্যাহত সহযোগিতা প্রত্যাশা করি।
কূটনীতিকদের উদ্দেশে পররাষ্ট্র প্রতিমন্ত্রী আরও বলেন, ‘তারা (আওয়ামী লীগ) মানুষের মধ্যে ভীতি ও নিরাপত্তাহীনতার পরিবেশ সৃষ্টি করতে চাইছে। রাজনৈতিক বিশৃঙ্খলার ধারণা তৈরি করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সংঘাত উসকে দিচ্ছে।’
আওয়ামী লীগের নেতা-কর্মীরা বিদেশে সন্ত্রাসবাদ ও অর্থ পাচারের সঙ্গে জড়িত বলেও অভিযোগ করেন হুমায়ুন কবির। এসব কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের বাংলাদেশে ফিরিয়ে আনতে আন্তর্জাতিক সহযোগিতাও চান তিনি।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, এসব ঘটনা যাতে দেশের গণতান্ত্রিক উত্তরণের প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে না পারে, সে বিষয়ে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দৃঢ়, পেশাদার ও আনুপাতিক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এসব ঘটনায় তদন্ত চলছে এবং দায়ী ব্যক্তিদের আইনের আওতায় আনা হচ্ছে।
একই সঙ্গে আইনের যথাযথ প্রক্রিয়া, মানবাধিকার ও আইনের শাসন সমুন্নত রাখতেও সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলে জানান তিনি।
কিউএনবি/আয়শা/২৫ নভেম্বর ২০২৬,/রাত ১২:১২