আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্র ইরানের ওপর ‘যুদ্ধও নয়, শান্তিও নয়’—এমন এক অচলাবস্থা চাপিয়ে দিতে চায় বলে অভিযোগ করেছেন দেশটির পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। তার মতে, সংঘাতের হুমকি দূর করতে কেবল আলোচনার ওপর নির্ভর না করে ইরানের শক্তি বাড়ানো এবং দীর্ঘমেয়াদি প্রতিরোধক্ষমতা গড়ে তোলা প্রয়োজন।
গালিবাফ বলেন, ‘যুদ্ধও নয়, শান্তিও নয়—এমন পরিস্থিতি চলতে পারে না। এর অবশ্যই সমাধান করতে হবে।’তিনি আরও বলেন, ‘এখন প্রশ্ন হলো, কীভাবে, কার মাধ্যমে এবং কী ধরনের পদক্ষেপ নিয়ে আমরা এই পরিস্থিতির সমাধান করব?’
গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরাইল ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করার পর থেকে মধ্যপ্রাচ্যে উত্তেজনা বেড়েছে। এর জবাবে ইরান ইসরাইল এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনায় হামলা চালায়।
এরপর গত জুনে সংঘাত বন্ধে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি কাঠামোগত সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয় এবং দুই দেশের মধ্যে আলোচনা শুরু হয়।
তবে হরমুজ প্রণালি দিয়ে নিরাপদ ও নির্বিঘ্নে জাহাজ চলাচল নিশ্চিত করার উপায় নিয়ে মতবিরোধ দেখা দেওয়ায় পরবর্তী সময়ে আলোচনা থমকে যায়।
যুদ্ধ বন্ধে কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত থাকলেও গত জুলাই থেকে দুই পক্ষের মধ্যে থেমে থেমে সংঘর্ষ আবারও শুরু হয়েছে।
কিউএনবি/আয়শা/২৫ নভেম্বর ২০২৬,/রাত ১২:১২