ডেস্ক নিউজ : রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট থেকে দ্বিতীয় দফায় ৩০ ঘণ্টা সফলভাবে বিদ্যুৎ সরবরাহ করা হয়েছে জাতীয় গ্রিডে। এই সময়ে প্রায় ৩২০ মেগাওয়াট ক্ষমতায় মোট ৭ কোটি ৬ লাখ টাকার বিদ্যুৎ সরবরাহ করেছে কেন্দ্রটি। মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকাল ৫টা ৫ মিনিটে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করা হয়।
জাতীয় সঞ্চালন লাইনের একাধিক সূত্র জানায়, সোমবার (২৩ নভেম্বর) সকাল ১০টা ২০ মিনিটে দ্বিতীয় দফায় রূপপুরের প্রথম ইউনিট থেকে ধারাবাহিকভাবে প্রায় ৩২০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ শুরু হয়। এ দফায় ১০ থেকে ২৪ ঘণ্টা পরীক্ষামূলক বিদ্যুৎ সরবরাহের পরিকল্পনা থাকলেও নির্ধারিত সময়সীমা পেরিয়ে তা প্রায় ৩০ ঘণ্টা অব্যাহত ছিল।
এনপিসিবিএলের ব্যবস্থাপনা পরিচালক ড. মো. জাহেদুল হাসান বলেন, দ্বিতীয়বারের মতো জাতীয় গ্রিডের সঙ্গে সফলভাবে সংযুক্ত হয়ে টানা ৩০ ঘণ্টা ৩২০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করতে পারা আমাদের জন্য অত্যন্ত আনন্দ ও গর্বের বিষয়। এটি এনপিসিবিএলের পরিচালন সক্ষমতা, আমাদের প্রকৌশলী ও অপারেটরদের দক্ষতা এবং রাশিয়ান অপারেশনাল সহযোগীদের সঙ্গে সম্মিলিত প্রচেষ্টার প্রতিফলন।
কিউএনবি/আয়শা/২৫ নভেম্বর ২০২৬,/রাত ১২:১২