আন্তর্জাতিক ডেস্ক : ডেঙ্গু নিয়ন্ত্রণে মশা নিধন বা মশার কামড় এড়িয়ে চলার বদলে মশার শরীরে নিরীহ ব্যাকটেরিয়া প্রবেশ করানোর অভিনব পদ্ধতি পরীক্ষা করে সাফল্য পেয়েছেন ব্রাজিলের বিজ্ঞানীরা।
দেশটিতে হাজারো শিশুর ওপর পরিচালিত এক গবেষণায় দেখা গেছে, এ পদ্ধতিতে ডেঙ্গুর সংক্রমণ ৬৮ দশমিক ৫ শতাংশ কমানো সম্ভব হয়েছে।
শনিবার যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড অঙ্গরাজ্যে আমেরিকান সোসাইটি অব ট্রপিক্যাল মেডিসিন অ্যান্ড হাইজিনের এক সম্মেলনে গবেষণার ফলাফল উপস্থাপন করা হয়।
২০২০ থেকে ২০২৪ সাল পর্যন্ত ব্রাজিলের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শহর বেলো হরিজন্তেতে গবেষণাটি চালানো হয়। ব্রাজিলের স্বাস্থ্য মন্ত্রণালয়, যুক্তরাষ্ট্রের এমরি ও ইয়েল বিশ্ববিদ্যালয় এবং দেশটির ন্যাশনাল ইনস্টিটিউট অব অ্যালার্জি অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসের গবেষকেরা এতে অংশ নেন।
গবেষকেরা এডিস মশার শরীরে ওলবাকিয়া নামের প্রাকৃতিক ব্যাকটেরিয়া প্রবেশ করিয়ে সেগুলো পরিবেশে ছেড়ে দেন। এই ব্যাকটেরিয়া মানুষের জন্য ক্ষতিকর নয়; বরং মশার শরীরে ডেঙ্গুসহ কয়েকটি ভাইরাসের বংশবিস্তার বাধাগ্রস্ত করে। সাধারণত প্রায় ৫০ শতাংশ কীটপতঙ্গের শরীরে ওলবাকিয়া থাকলেও ডেঙ্গু, জিকা, চিকুনগুনিয়া ও হলুদ জ্বরের জীবাণু বহনকারী এডিস মশায় এটি থাকে না।
গবেষণায় ৫ হাজার ৭০০ শিশুর নমুনা পরীক্ষা করা হয়। এতে দেখা যায়, ওলবাকিয়াযুক্ত মশা ছাড়া এলাকায় নিয়মিত রক্ত পরীক্ষায় ডেঙ্গু শনাক্ত হয়েছে মাত্র ৪ শতাংশ শিশুর। প্রচলিত কীটনাশক ব্যবহারের আওতাধীন অন্য এলাকায় এ হার ছিল ১৪ শতাংশ। ডেঙ্গুর পাশাপাশি চিকুনগুনিয়ার সংক্রমণও ৭৩ দশমিক ৩ শতাংশ কমেছে।
এ পদ্ধতি অবশ্য নতুন নয়। ২০০০-এর দশকের মাঝামাঝি থেকে ওয়ার্ল্ড মসকিউটো প্রোগ্রাম বিশ্বের বিভিন্ন দেশে এটি প্রয়োগ করছে। সংস্থাটির দাবি, কলম্বিয়া ও ব্রাজিলের কয়েকটি এলাকায় এ পদ্ধতিতে ডেঙ্গুর সংক্রমণ ৯২ শতাংশ পর্যন্ত কমেছে।
বিশ্ব স্বাস্থ্য বিশেষজ্ঞ ডেভিড হ্যামার এ সাফল্যকে আশাব্যঞ্জক বলে উল্লেখ করেছেন। তার মতে, ওলবাকিয়াযুক্ত মশার ব্যবহার বাড়ানো গেলে অনেক এলাকায় ডেঙ্গুর প্রকোপ উল্লেখযোগ্যভাবে কমানো সম্ভব। এ পদ্ধতি কীটনাশক ছিটানোর তুলনায় পরিবেশবান্ধব এবং দীর্ঘমেয়াদে স্বয়ংক্রিয়ভাবে কার্যকর থাকতে পারে বলেও গবেষকদের ধারণা। সূত্র: আল-জাজিরা
কিউএনবি/অনিমা/২৪ নভেম্বর ২০২৬,/রাত ১১:৪০