স্টাফ রিপোর্টার : ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের সাবেক শিক্ষার্থী হিসেবে নিজের অভিজ্ঞতা তুলে ধরে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, এ বিভাগে ভর্তি হওয়ার পর অনেক কিছু শিখেছি। কীভাবে নিজের কাজকে ভালোবাসতে হয়, সেই শিক্ষাও পেয়েছি এখান থেকে। এ বিভাগ থেকে পাওয়া অনুপ্রেরণা নিয়ে দেশাত্মবোধ ও ভবিষ্যৎ প্রজন্মকে গড়ে তোলার প্রত্যয়ে কাজ করছি।
আজ মঙ্গলবার (২৪ নভেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ঢাকা ইউনিভার্সিটি কেমিস্ট্রি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে রসায়ন বিভাগের প্রাক্তন ছাত্র শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনকে আজ মঙ্গলবার মোকাররম হোসেন খন্দকার বিজ্ঞান ভবনে সংবর্ধনা প্রদান করা হয়।
ঢাকা ইউনিভার্সিটি কেমিস্ট্রি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি ও রসায়ন বিভাগের চেয়ারপার্সন অধ্যাপক ড. ফরিদা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম, বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. মোফাজ্জল হোসেন এবং অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সুব্রত পাল-সহ বিভাগের শিক্ষক-শিক্ষার্থী ও অ্যালামনাইগণ এ সময় উপস্থিত ছিলেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগে পড়াশোনা জীবনে চলার পথে অনেক কিছু শিখিয়েছে বলে মন্তব্য করেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেছেন, রসায়ন তাকে ভাবনার জগৎকে প্রকাশ করতে শিখিয়েছে এবং কাজের প্রতি ভালোবাসা ও অদম্য স্পৃহা জুগিয়েছে। অনুষ্ঠানে সবাইকে দেশাত্মবোধ নিয়ে আন্তরিকতার সঙ্গে দেশ গড়ার কাজে এগিয়ে আসার আহ্বান জানান শিক্ষামন্ত্রী। এ সময় প্রখ্যাত রসায়নবিদ মুকাররম হোসেন খন্দকারকে স্মরণ করে তিনি বলেন, এ বিভাগের শিক্ষার্থীদের তার আদর্শ ধারণ করতে হবে এবং নিজেদের উৎকৃষ্টমানের রসায়নবিদ হিসেবে প্রতিষ্ঠিত করতে হবে।
এর আগে জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমিতে (নায়েম) ২১২তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষক নিয়োগের মান নিশ্চিত করতে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) নিয়োগ পরীক্ষা বাংলাদেশ সিভিল সার্ভিসের (বিসিএস) পরীক্ষার মানের করার পরিকল্পনা করছে সরকার।
পাশাপাশি বিসিএস ও নন-ক্যাডার শিক্ষকদের মধ্যে বৈষম্য এবং আত্মীকরণসংক্রান্ত জটিলতা নিরসনেও কাজ চলছে।শিক্ষকদের ভূমিকার গুরুত্ব তুলে ধরে শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষকদের সবচেয়ে বড় সাফল্য হলো শিক্ষার্থীদের ভালো মানুষ হিসেবে গড়ে তোলা। অন্য কোনো পেশার সঙ্গে তুলনা না করে শিক্ষকতার মাধ্যমে সমাজ ও দেশের জন্য কী অবদান রাখা যাচ্ছে, সেটি বিবেচনা করতে হবে।
শিক্ষকদের প্রশিক্ষণ কার্যক্রমে পরিবর্তন আনার ওপর গুরুত্ব দিয়ে ড. আ ন ম এহছানুল হক মিলন বলেন, প্রশিক্ষণ শুধু প্রথাগত হলে চলবে না। এতে নতুনত্ব, সৃজনশীলতা, প্রযুক্তির ব্যবহার এবং বিষয়ভিত্তিক দক্ষতা বাড়ানোর ওপর গুরুত্ব দিতে হবে।একই সঙ্গে প্রশিক্ষণার্থীদের প্রত্যাশা বিবেচনায় নিয়ে প্রশিক্ষণ কার্যক্রম সাজাতে হবে।অনুষ্ঠানে জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমির পরিচালক ড. আতিকুল ইসলাম পাঠান, পরিচালক অধ্যাপক মো. শাহজাহানসহ সংশ্লিষ্ট কর্মকর্তা ও প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন।
কিউএনবি/আয়শা/২৪ নভেম্বর ২০২৬,/রাত ১১:৪০