আন্তর্জাতিক ডেস্ক : পশ্চিম এশিয়ার যুদ্ধ ও কম বৃষ্টিপাতের ধাক্কা সামলেও ভারতের অর্থনীতিতে শক্তিশালী প্রবৃদ্ধি অব্যাহত রয়েছে। ২০২৬-২৭ অর্থবছরের প্রথম প্রান্তিকে দেশটির প্রকৃত মোট দেশজ উৎপাদন (জিডিপি) ৭.৮ শতাংশ বেড়েছে, যা আগের বছর ছিল ৬.৯ শতাংশ। ২৩ নভেম্বর প্রকাশিত ভারতের নীতি আয়োগের সদস্য আর বালাসুব্রামনিয়ামের নিবন্ধে এসব তথ্য উঠে এসেছে।
জুলাই-সেপ্টেম্বরে ভারতীয় অপরিশোধিত তেলের গড় মূল্য ৪১.৫ শতাংশ বাড়লেও দ্বিতীয় প্রান্তিকে ৭.৩৫ শতাংশ প্রবৃদ্ধির প্রাক্কলন করেছে অর্থ মন্ত্রণালয়। ২০২৬-২৭ অর্থবছরের প্রবৃদ্ধির পূর্বাভাস বাড়িয়ে কেন্দ্রীয় ব্যাংক (আরবিআই) ও বিশ্বব্যাংক ৭.১ এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) ৭ শতাংশ করেছে।
মার্চের শেষ সপ্তাহে পশ্চিম এশিয়ার যুদ্ধের জেরে হরমুজ প্রণালি বন্ধ ছিল। ভারত দৈনিক প্রায় ৫৫ লাখ ব্যারেল অপরিশোধিত তেল ব্যবহার এবং রান্নার গ্যাসের ৬০ শতাংশ আমদানি করে, যার ৯০ শতাংশ আগে এই প্রণালি দিয়ে আসত। কিন্তু হরমুজ প্রণালি বন্ধ হয়ে যাওয়ার দুই সপ্তাহের মধ্যেই বিকল্প পথে তেল আমদানির হার ৫৫ থেকে ৭০ শতাংশে পৌঁছায়। একই সময়ে গৃহস্থালি সরবরাহে অগ্রাধিকার দিয়ে শোধনাগারগুলো রান্নার গ্যাসের উৎপাদন ৪০ শতাংশ বাড়ায়।
এর পাশাপাশি ২৭ মার্চ সরকার পেট্রোল ও ডিজেলে লিটারপ্রতি ১০ রুপি আবগারি শুল্ক কমায়। আর রান্নার গ্যাসে হওয়া লোকসান পুষিয়ে দিতে তেল কোম্পানিগুলোর জন্য ৩০ হাজার কোটি রুপি ক্ষতিপূরণ অনুমোদন করে।
নিবন্ধে বলা হয়, রাজস্ব অবস্থার উন্নতি এই সহায়তা সম্ভব করেছে। কেন্দ্রীয় বাজেট ঘাটতি ২০২০-২১ অর্থবছরের ৯.২ শতাংশ থেকে কমে ২০২৬-২৭ বাজেটে জিডিপির ৪.৩ শতাংশ ধরা হয়েছে। অক্টোবরের শুরুতে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৭৩৪.৬ বিলিয়ন ডলারে পৌঁছায়, যা প্রায় ১১ মাসের আমদানি ব্যয়ের সমান। বিশ্বব্যাংকের হিসাবে, ২০১১-২০২৩ সময়ে ৪৯.৬ কোটি মানুষ দারিদ্র্যসীমার ওপরে উঠে এসেছে।
অন্যদিকে এল নিনোর প্রভাবে কম বৃষ্টিপাতে দীর্ঘমেয়াদি গড়ের ৮৭ শতাংশ বৃষ্টিপাত হয়েছে এবং ধান চাষের জমি প্রায় ১৬ লাখ হেক্টর কমেছে। এতে অক্টোবরে খুচরা মূল্যস্ফীতি ৬.০৯ ও খাদ্য মূল্যস্ফীতি ৮.৯৪ শতাংশে পৌঁছায়। এ অবস্থায় ৮০ কোটির বেশি মানুষ বিনামূল্যে খাদ্যশস্য পাচ্ছেন এবং ৩১৫টি ঝুঁকিপূর্ণ জেলায় জরুরি পরিকল্পনা নেওয়া হয়েছে।
এই সহনশীলতা ধরে রাখতে বালাসুব্রামনিয়াম রাজস্ব সহায়তা সাময়িক রাখা, নবায়নযোগ্য জ্বালানি ও কৌশলগত মজুত বাড়ানো, ঝুঁকিপূর্ণ জেলায় সেচ বিনিয়োগ এবং গ্রামীণ আয়ে বৃষ্টিনির্ভরতা কমানোর ওপর গুরুত্ব দিয়েছেন।
কিউএনবি/অনিমা/২৪ নভেম্বর ২০২৬,/রাত ১১:৩৮