স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপ থেকে বাদ পড়ার পর পদত্যাগের দুই মাসের মাথায় কার্লোস কেইরোজকে আবারও ঘানার প্রধান কোচ হিসেবে পুনরায় নিয়োগ দেওয়া হয়েছে। অভিজ্ঞ এই পর্তুগিজ কোচ অনির্দিষ্টকালের জন্য ‘ব্ল্যাক স্টারস’-এর দায়িত্বে ফিরছেন।
এর আগে ইরান, পর্তুগাল, কলম্বিয়া ও মিশরের কোচ হিসেবে দায়িত্ব পালন করা কেইরোজ এর আগেও ঘানাকে বিশ্বকাপের ৩২-এর পর্বে (রাউন্ড অফ ৩২) নিয়ে গিয়েছিলেন, যদিও টুর্নামেন্টের জন্য দল প্রস্তুত করতে তিনি খুব কম সময় পেয়েছিলেন।
ঘানা ফুটবল অ্যাসোসিয়েশন (জিএফএ) ৭৩ বছর বয়সী এই কোচের ফেরার বিষয়টি নিশ্চিত করে জানিয়েছে, তিনি আসন্ন আন্তর্জাতিক বিরতি থেকে কোচিংয়ের নতুন দায়িত্ব শুরু করবেন। এক বিবৃতিতে জিএফএ বলেছে, কেইরোজের ব্যাপক আন্তর্জাতিক অভিজ্ঞতা, কৌশলগত দক্ষতা এবং ব্ল্যাক স্টারস সম্পর্কে তার গভীর জ্ঞান তাকে দলের পরবর্তী অধ্যায়ে নেতৃত্ব দেওয়ার জন্য অত্যন্ত উপযুক্ত করে তুলেছে।
সংস্থাটি আরও জানিয়েছে, কেইরোজের নতুন দায়িত্ব এবং ঘানার আসন্ন ম্যাচগুলো সম্পর্কে বিস্তারিত তথ্য পরবর্তীতে জানানো হবে। নতুন দায়িত্ব এবং ব্ল্যাক স্টারস-এর আসন্ন কর্মসূচি সম্পর্কে বিস্তারিত তথ্য যথাসময়ে ঘোষণা করা হবে।তবে কেইরোজের তাৎক্ষণিক কাজ হবে ঘানাকে তাদের আসন্ন আফ্রিকা কাপ অফ নেশনস-এর বাছাইপর্বের জন্য প্রস্তুত করা।
পরবর্তী আন্তর্জাতিক বিরতিতে ‘ব্ল্যাক স্টারস’-এর আইভরি কোস্টের বিপক্ষে হোম ও অ্যাওয়ে ম্যাচ খেলার কথা রয়েছে। চলতি মাসের ২১ সেপ্টেম্বর থেকে ৬ অক্টোবর পর্যন্ত এই আন্তর্জাতিক বিরতি চলবে। এর মধ্যেই ২০২৭ সালের আফ্রিকা কাপ অফ নেশনসের প্রস্তুতি শুরুর পাশাপাশি কেইরোজের অধীনে ঘানা একটি শক্তিশালী সূচনা করার লক্ষ্য নিয়ে মাঠে নামবে। জাতীয় দলের সাথে তার আগের অভিজ্ঞতার ওপর ভিত্তি করে দলটিকে এগিয়ে নেওয়ার লক্ষ্যে এই পর্তুগিজ কোচের প্রত্যাবর্তন ঘানার ফুটবলে একটি নতুন অধ্যায়ের সূচনা করছে।
কিউএনবি/অনিমা/০৩ সেপ্টেম্বর ২০২৬,/রাত ৯:৫৭