স্পোর্টস ডেস্ক : উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের রোমাঞ্চকর ম্যাচে আজ (মঙ্গলবার) মুখোমুখি বার্সেলোনা ও পিএসজি। দিবাগত রাত ১টায় প্যারিসের পার্ক দ্য প্রিন্সেসে ম্যাচটি অনুষ্ঠিত হবে। দুই ইউরোপীয় জায়ান্টের এই লড়াই নিয়ে ভবিষ্যদ্বাণী দিয়েছে অপ্টা সুপারকম্পিউটার। যেখানে হাড্ডাহাড্ডি লড়াই হলেও জয়ের নিরিখে পিএসজিকে এগিয়ে রাখা হয়েছে।
এখন পর্যন্ত ইউরোপিয়ান কাপ ও চ্যাম্পিয়ন্স লিগে অন্তত ১০ বার মুখোমুখি হওয়া দলগুলোর মধ্যে পিএসজি-বার্সেলোনা ম্যাচে প্রতি খেলায় গোলের গড় ৩.৮। এই হিসাবে তাদের চেয়ে এগিয়ে কেবল আয়াক্স-বায়ার্ন মিউনিখ (৩.৯)। ফলে সমর্থকদের গোলের অভিজ্ঞতা পেতে সম্ভবত খুব একটা অপেক্ষায় থাকতে হবে না!
পূর্বাভাসে পিএসজি এগিয়ে থাকলেও বার্সেলোনার জয়ের সম্ভাবনাও বেশ কাছাকাছি। আক্রমণাত্মক ফুটবল, গোল করার অসাধারণ সামর্থ্য এবং দুই দলের সাম্প্রতিক পারফরম্যান্স মিলিয়ে চ্যাম্পিয়ন্স লিগের এই লড়াই ঘিরে রোমাঞ্চের যথেষ্ট কারণ রয়েছে।
পিএসজি নিজেদের মাঠে আতিথ্য দেবে বার্সেলোনাকে। কাতালান ক্লাবটিকে এই মুহূর্তে ইউরোপের সবচেয়ে ছন্দে থাকা দল বলে মনে করছে ক্রীড়া বিশ্লেষকরা। হ্যান্সি ফ্লিকের দলটি চলতি মৌসুমে এখন পর্যন্ত ১১টি ম্যাচ খেলেছে, জিতেছে সবকটিতেই। এই সময়ে গোল করেছে মোট ৪৮টি, ম্যাচপ্রতি গড়ে ৪.৪টি। ইউরোপের শীর্ষ পাঁচ লিগের যেকোনো দলের চেয়ে তাদের গোলসংখ্যা বেশি।
কিউএনবি/আয়শা/২০ অক্টোবর ২০২৬,/রাত ১১:২০