মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম

ফাইনালের আগে দাবানলের ধোঁয়ায় ঢেকেছে নিউ জার্সি স্টেডিয়াম!

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬
  • ৪৫ Time View

স্পোর্টস ডেস্ক : কানাডার দাবানল থেকে ছড়িয়ে পড়া ধোঁয়ার কারণে নিউইয়র্ক ও নিউ জার্সিতে বায়ুর মানের অবনতি ঘটেছে। এ পরিস্থিতিতে স্থানীয় কর্তৃপক্ষ স্বাস্থ্য সতর্কতা জারি করে বাসিন্দাদের অপ্রয়োজনীয় বাইরে অবস্থান ও শারীরিক পরিশ্রম কমানোর পরামর্শ দিয়েছে।

এমন পরিস্থিতি তৈরি হয়েছে ২০২৬ ফিফা বিশ্বকাপের বহুল প্রতীক্ষিত ফাইনালের মাত্র কয়েক দিন আগে। আগামী ১৯ জুলাই নিউ জার্সির ইস্ট রাদারফোর্ডে অবস্থিত নিউইয়র্ক–নিউ জার্সি স্টেডিয়ামে মুখোমুখি হবে স্পেন ও আর্জেন্টিনা।

ফ্রান্সকে হারিয়ে সেমিফাইনাল জয়ের পর বুধবার রাতে নিউ জার্সিতে পৌঁছায় স্পেন দল। তাদের আগমনের ঠিক আগেই এলাকাটির বায়ুমানের অবনতি ঘটে। তবে বৃহস্পতিবার খোলা আকাশের নিচে অনুশীলন করেছে স্পেন, এবং এখন পর্যন্ত এ বিষয়ে কোনো উদ্বেগ প্রকাশ করেনি দলটি।  

অন্যদিকে ইংল্যান্ডকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করা আর্জেন্টিনা সেমিফাইনালের পর জর্জিয়াতেই অবস্থান করছিল। শুক্রবার থেকে নিউ জার্সিতে তাদের অনুশীলন শুরু হওয়ার কথা রয়েছে।

ফাইনালের উদ্বোধনী আয়োজনের অংশ হিসেবে স্টেডিয়ামে পারফর্ম করার প্রস্তুতি নিচ্ছেন অনেক শিল্পী ও নৃত্যশিল্পী। স্থানীয় বাসিন্দা ড্যান এডগার জানান, তার মেয়ে ক্যাটলিন স্টেডিয়ামে মহড়া দেওয়ার সময় শ্বাস নিতে কিছুটা কষ্ট অনুভব করেছে।

তিনি বলেন, সে আমাকে বার্তা দিয়ে জানিয়েছে বাইরে পরিস্থিতি ভালো নয়। নাচতে কষ্ট হচ্ছে, বাতাস ভারী মনে হচ্ছে। দাবানলের ধোঁয়া ও তীব্র গরমের প্রভাব ইতোমধ্যেই যুক্তরাষ্ট্রের বিভিন্ন ক্রীড়া আয়োজনে দেখা গেছে। বুধবার নিউইয়র্কের কুইন্সে এনডব্লিউএসএলের (ন্যাশনাল উইমেন্স সকার লিগ) গথাম এফসি ও ওয়াশিংটন স্পিরিটের ম্যাচ অনুষ্ঠিত হয় ধোঁয়াচ্ছন্ন আকাশের মধ্যেই।

বায়ুদূষণের মাত্রা বেড়ে যাওয়ায় লিগের নীতিমালা অনুযায়ী ম্যাচে প্রতি অর্ধে দুটি করে অতিরিক্ত বিরতি দেওয়া হয়। ম্যাচ শেষে ওয়াশিংটন স্পিরিট তারকা ট্রিনিটি রডম্যান বলেন, এমন পরিস্থিতিতে ম্যাচ না খেলাই ভালো হতো। তিনি বলেন, অজুহাত দিতে চাই না, তবে দুই দলের খেলোয়াড়রাই বারবার বিরতির অপেক্ষায় ছিলাম। তবে ২০২৩ সালের জুনে কানাডার দাবানলের কারণে নিউইয়র্কের আকাশ সম্পূর্ণ কমলা রঙ ধারণ করার মতো পরিস্থিতি এবার সৃষ্টি হয়নি বলে স্বস্তি প্রকাশ করেছেন স্থানীয়রা।

বিশ্বকাপ ফাইনালের ভেন্যু নিউইয়র্ক–নিউ জার্সি স্টেডিয়াম একটি উন্মুক্ত স্টেডিয়াম হলেও এখন পর্যন্ত ম্যাচ আয়োজন বা দর্শক উপস্থিতির ওপর কোনো প্রভাব পড়ার আশঙ্কা প্রকাশ করা হয়নি। ফাইনালে ৮০ হাজারের বেশি দর্শক উপস্থিত থাকার পাশাপাশি তারকাবহুল হাফটাইম শোরও আয়োজন রয়েছে। আবহাওয়া পূর্বাভাস অনুযায়ী শুক্রবার থেকে বায়ুর মান কিছুটা উন্নতি হতে পারে। এছাড়া শনিবার সম্ভাব্য বৃষ্টিপাত ধোঁয়া ছড়িয়ে দিতে সহায়তা করবে বলে ধারণা করা হচ্ছে।

এদিকে খারাপ বায়ুমানের কারণে বৃহস্পতিবার মেজর লিগ সকারের (এমএলএস) শিকাগো ফায়ার ও ভ্যাঙ্কুভার হোয়াইটক্যাপসের মধ্যকার ম্যাচ স্থগিত করা হয়েছে। ম্যাচটিতে শিকাগোর হয়ে অভিষেক হওয়ার কথা ছিল সাবেক বায়ার্ন মিউনিখ ও বার্সেলোনা তারকা স্ট্রাইকার রবার্ট লেভানডোভস্কির।

সূত্র: বিবিসি স্পোর্টস 

 

 

কিউএনবি/আয়শা/১৭ জুলাই ২০২৬,/বিকাল ৩:৩৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit