বিনোদন ডেস্ক : কিছুদিন ধরেই চর্চায় কলকাতার ধারাবাহিক ‘চিরদিনই তুমি যে আমার’–এ জুটি বেঁধে অভিনয় করা জিতু কমল ও দিতিপ্রিয়া রায়। জিতুর সঙ্গে রোমান্টিক দৃশ্য করবেন না, এমন দাবি তোলেন দিতিপ্রিয়া। এর পর থেকেই বিষয়টি নিয়ে আলোচনার ঝড় তুলেছে। শুধু তাই নয়, তাদের দুজনের দ্বন্দ্বে এখন ধারাবাহিকটির ভবিষ্যৎ নিয়েও প্রশ্ন তৈরি হয়েছে। শোনা যাচ্ছে, এই ঘটনার জেরে শুটিং আটকে না থাকলেও দুজনের মুখ দেখাদেখি বন্ধ হয়েছে। ডামি দিয়ে নাকি চলছে ধারাবাহিকের শুটিং। আর এভাবে চলতে থাকলে টিআরপি তালিকায় ভালো রেটিং নিয়ে থাকা ধারাবাহিক প্রশ্নের মুখে পড়বে বলে আশঙ্কা প্রযোজনা সংস্থার।
নায়ক-নায়িকার জীবনের ব্যক্তিগত অশান্তির জেরে ধারাবাহিকের শুটিং নিয়ে প্রশ্ন উঠতেই সোমবার বৈঠকে বসে ধারাবাহিকটির প্রযোজনা সংস্থা। আলোচনার মাধ্যমে সমাধানসূত্র খুঁজতেই চেয়েছিল গোটা টিম। শোনা যাচ্ছে, প্রায় দু’ঘণ্টার বৈঠকেও নাকি মেটানো যায়নি জীতু ও দিতিপ্রিয়ার দ্বন্দ্ব। দু’জনের কেউই তা মেটাতে রাজি নয়। বৈঠকের মাঝে হঠাৎই বেরিয়ে যান জীতু। এরপর আগামীতে এই ধারাবাহিকের ভবিষ্যৎ কী তা নিয়ে প্রশ্ন জেগেছে সকলের মনে। যদিও জীতু বা প্রযোজনা সংস্থার তরফে এ বিষয়ে এখনও আনুষ্ঠানিকভাবে কিছুই জানানো হয়নি। অন্যদিকে সোশ্যাল মিডিয়া জুড়ে শুরু হয়েছে দিতিপ্রিয়াকে বয়কটের দাবি।
























