শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৭:৫৫ অপরাহ্ন

সেনা ম্যাজিস্ট্রেসি বহালে কুচক্রের মাথায় বাজ

Reporter Name
  • Update Time : রবিবার, ১১ মে, ২০২৫
  • ৫১ Time View

ডেস্ক নিউজ : মহলবিশেষ খুব আশায় ছিল, সেনা, নৌ ও বিমানবাহিনী কর্মকর্তাদের ম্যাজিস্ট্রেসি আর থাকছে না। মাঠেও থাকবে না বাহিনীগুলো। এবার ঠিকই তাদের তুলে নেওয়া হবে। এমন আশায় গুড়ে বালি পড়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ১৪ মে বুধবার থেকে আরো ৬০ দিন মাঠে থাকবে তারা। মাথায় বাজ পড়ার অবস্থা মাঠ থেকে সেনাবাহিনী উঠে যাওয়ার অপেক্ষায় থাকা চক্রটির। মাঠ থেকে সেনা তুলে নেওয়ার পর কত কিছু ঘটানোর আয়োজনই না ছিল তাদের। তাদের এ অপতৎপরতার যথেষ্ট তথ্য ছিল সরকারের কাছে। তাই বাস্তবতার তাগিদ ও সুনির্দিষ্ট তথ্যের আলোকেই সরকারের সেনাসহ যৌথ বাহিনীকে আরো মাঠে রাখার এ সিদ্ধান্ত।

সরকারের এসংক্রান্ত প্রজ্ঞাপনের পূর্বাপর সময়ে রাজধানীর মিরপুর সেনানিবাসে হয়ে গেল ক্যাপস্টোন কোর্স। জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়ে বস্তুনিষ্ঠ সংলাপ ও একীভূত চিন্তাধারা বিকাশে এই কোর্স একটি কার্যকর প্ল্যাটফর্ম। দ্রুত পরিবর্তনশীল বৈশ্বিক প্রেক্ষাপটে দক্ষ ও স্বনির্ভর জাতি গঠনে এ প্রশিক্ষণ এই সময়ের জন্য কতটা গুরুত্বের তা অনেকেরই ধারণার বাইরে।

‘ক্যাপস্টোন কোর্স-২০২৫/১’-এ প্রশিক্ষণে অংশ নেওয়া ফেলোদের কৌশলগত নেতৃত্ব বিকাশের তাগিদ দিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। ন্যাশনাল ডিফেন্স কলেজের (এনডিসি) আওতায় তিন সপ্তাহের কোর্সটিতে সেনা, নৌ ও বিমান বাহিনীর সিনিয়র কর্মকর্তাদের পাশাপাশি শিক্ষাবিদ, চিকিৎসক, সরকারি-বেসরকারি খাতের জ্যেষ্ঠ প্রতিনিধি, কূটনীতিক, সাংবাদিক ও করপোরেট খাতের ৩২ জন ফেলো অংশ নেন।

সমাপনীতে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান ভীষণ গুরুত্ব দেন সমৃদ্ধ বাংলাদেশ গঠনে। বলেন, এর জন্য দরকার কৌশলগত নেতৃত্ব। ক্যাপস্টোন ফেলোরা সৃজনশীল চিন্তাধারা, সংস্কারমুখী দৃষ্টিভঙ্গি ও সহযোগিতার মনোভাব নিয়ে জনস্বার্থে কাজ করবেন বলে প্রত্যাশার কথা জানিয়েছেন সেনাপ্রধান।

কোর্স সম্পন্নকারীরা মোটামুটি একটি মেসেজ নিয়ে ফিরেছেন। সেনাপ্রধান গুরুগম্ভীরভাবে তাঁর বার্তা দিয়েছেন আগেও। যে যাঁর মতো শুনেছেন, বুঝেছেন। তাঁর বক্তব্যের শব্দ, বাক্য নিয়ে গোলমাল বাধানোর চেষ্টাও করেছেন। কারো কারো দ্রুত বাস্তবতা উপলব্ধিতে এসেছে। বিলম্বে হলেও মতিগতি বদলেছে কারো কারো।

সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলন ঘিরে ঢাকাসহ সারা দেশে সংঘর্ষ ছড়িয়ে পড়লে গত বছরের ১৯ জুলাই রাতে সারা দেশে সেনাবাহিনী মোতায়েন ও কারফিউ জারি করা হয়। পরে ছাত্র-জনতার অভ্যুত্থানে ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। নোবেল লরিয়েট ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয় ৮ আগস্ট।

ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর উদ্ভূত আইন-শৃঙ্খলা পরিস্থিতিতে ১৭ সেপ্টেম্বর সশস্ত্র বাহিনীকে (সেনা, নৌ ও বিমান বাহিনী) বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দেওয়া হয়। এর পর থেকে এই মেয়াদ দুই মাস করে বাড়াচ্ছে সরকার। কয়েক ধাপে এই ক্ষমতা বাড়ানো হচ্ছে। এবার বাড়ানো হলো পঞ্চমবারের মতো।

দুর্যোগ-দুর্বিপাকসহ বাংলাদেশে বিভিন্ন পরিস্থিতিতে প্রত্যক্ষ-পরোক্ষভাবে সেনাবাহিনী দায়িত্ব পালন করেছে। বিভিন্ন কাজে মাঠ প্রশাসনকে সহায়তাও করেছে। এখনো করছে; তা-ও ব্যাপক ক্ষমতা ‘ম্যাজিস্ট্রেসি পাওয়ার’ নিয়ে। সাধারণত দেশে জরুরি অবস্থা ছাড়া সেনাবাহিনীকে এই ক্ষমতা দেওয়া হয় না। প্রয়োজনে এবার দেওয়া হয়েছে। বিচারিক ক্ষমতা পাওয়ার পর কোনো ধরনের ব্যবস্থা নিতে সেনাবাহিনীকে প্রশাসনের মাঠ পর্যায়ের কর্মকর্তাদের জন্য অপেক্ষা করতে হয় না। অপরাধীদের সরাসরি গ্রেপ্তার করা যাবে। ছাড়াও যাবে। গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর করতে পুলিশকে নির্দেশও দিতে পারবেন দায়িত্বপ্রাপ্ত কমিশন্ড সেনা কর্মকর্তারা। বেআইনি সভা-সমাবেশ নিজেরা ছত্রভঙ্গ করে দিতে এবং এ কাজে বেসামরিক বাহিনীকেও ব্যবহার করতে পারবে সেনাবাহিনী।

এ ছাড়া স্থানীয় উপদ্রব নিয়ন্ত্রণে বিভিন্ন আদেশ জারি করতে পারবে, আটক করতে পারবে সন্দেহভাজন ব্যক্তিকেও। এমন এখতিয়ার দেওয়ার পরও বাস্তবে সেনাবাহিনী ম্যাজিস্ট্রেসি পাওয়ার তেমন অ্যাকসেস করছে না। কোথাও বাড়তি বল প্রয়োগেও যাচ্ছে না। এর নেপথ্যে একদিকে পেশাদারি, আরেক দিকে বাস্তবতাবোধ। জনতার পালস উপলব্ধি। কিছু ক্ষেত্রে অন্য দেশের সেনাবাহিনীর সঙ্গে বাংলাদেশের সেনাবাহিনীকে মেলানো যাবে না।

আরোপিত বা চাপিয়ে দেওয়া নয়, জনতার সঙ্গে সেতুবন্ধ দিয়েই এ দেশে সেনাবাহিনীর জন্ম। আর কোথাও সেনা-জনতার ক্যামেস্ট্রি বলবৎ থাকলে বাহিনীটির মেজাজ-বৈশিষ্ট্য অন্য রকম হওয়াই স্বাভাবিক। চব্বিশের গণ-আন্দোলন সেখানে আরেকটি মাত্রা যোগ করেছে। সেনাবাহিনী শেষতক আর কেবলই বাহিনী থাকেনি, জনতার অংশ হয়ে গেছে। একাত্তরে এই মন্ত্রের মধ্য দিয়েই বাংলাদেশ সেনাবাহিনীর জন্ম। বাহিনীটির জাতির পরম আস্থা ও ভালোবাসার প্রতীক হয়ে ওঠার মূল রহস্য সেখানেই। ‘সমরে আমরা, শান্তিতে আমরা, সর্বত্র আমরা, দেশের তরে’ মন্ত্রটি সেনা সদস্যদের মনে আপনা-আপনিই বাজে। দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব অক্ষুণ্ন রাখার পাশাপাশি তাঁরা ছুটে যাচ্ছেন দেশের বিভিন্ন সেবামূলক ও উন্নয়ন কাজে। সমতল-পাহাড়-জল-জঙ্গল সবখানেই। প্রাকৃতিক বা মানবিক দুর্বিপাকে, বন্যার্তদের উদ্ধার ও ত্রাণ কাজেও। পুনর্বাসনেও। সেনাবাহিনীর কর্মপ্রক্রিয়া ও শৃঙ্খলার ধরন এমনই।

অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর পর ২০২৪ সালের আগস্ট-সেপ্টেম্বরে বন্যায় আক্রান্ত হয় দেশের দক্ষিণ-পূর্ব অঞ্চলের ফেনী, নোয়াখালী, কুমিল্লা ও চট্টগ্রামের বেশ কিছু এলাকা। মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় অসংখ্য ঘরবাড়ি। কোনোভাবে মাথা গোঁজার মতো অবশিষ্ট ঘরও থাকেনি কারো কারো। ক্ষতিগ্রস্ত ৩০০টি পরিবারের জন্য বিশেষ আবাসন প্রকল্পের মাধ্যমে ঘর নির্মাণের জন্য সেনাবাহিনীকে বরাদ্দ দেওয়া হয় ৫০ কোটি টাকা। কাজটি হয়ে গেছে বরাদ্দের অর্ধেকেরও কমে, ২৪ কোটি ৯৮ লাখ ৯৫ হাজার টাকায়। ঘটা করে প্রচার বা মিডিয়া কাভারেজের অপেক্ষা না করে সেনাবাহিনীর ২৪ ও ৩৩ ডিভিশন ৪৯২ ও ৫০০ বর্গফুটের দুটি ডিজাইনে দ্রুতগতিতে শেষ করে কাজটি। বরাদ্দের অর্ধেকেরও বেশি টাকা বাঁচে দেশের। সভা-সেমিনার, সম্ভাষণে ভরিয়ে দেওয়ার প্রচার-প্রচারণা তারা করেনি। দেশে সচরাচর এ ধরনের কাজে দফায় দফায় বাজেট-বরাদ্দ বাড়ানোর ঘটনা বেশি। কাজ পরের বিষয়। কাজ না করে বা ঘর না বানিয়েও বিল তুলে নেওয়ার বহু দৃষ্টান্তের বিপরীতে সেনাবাহিনীর এ কর্মযজ্ঞের মাঝে ভাবনার অনেক উপাদান আছে। রয়েছে বিশ্লেষণের বিষয়ও। এখানে অলৌকিকতার কিছু নেই। সেনাবাহিনীর কাজের ধরন তথা বৈশিষ্ট্যই এমন।

দেশের একটি অবিচ্ছেদ্য অংশ হিসেবে পাহাড়ি এলাকায় শিক্ষার আলো ছড়াচ্ছে সেনাবাহিনী। পাহাড়ে সেনাবাহিনী আছে বলে পাহাড়ের মানুষ শান্তিতে ঘুমাতে পারে। পাহাড়ে সেনাবাহিনী আছে বলে এখনো পার্বত্য চট্টগ্রাম আমাদের দেশের একটি অংশ হয়ে আছে। সেখানে সেনাবাহিনী কেবল নিরাপত্তা নিশ্চিত করে না, পাহাড়িদের সেবাও দেয়। দুর্গম এলাকার শিক্ষাপ্রতিষ্ঠান এবং দরিদ্র, অসচ্ছল পরিবারের শিক্ষার্থীদের বিনামূল্যে নানা সহায়তা, বই ও শিক্ষাসামগ্রীও দেয়।

আন্তর্জাতিক শান্তি, স্থিতিশীলতা ও নিরাপত্তা রক্ষায় বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা তাঁদের আত্মত্যাগ, কর্তব্যনিষ্ঠা ও পেশাদারির মাধ্যমে বাংলাদেশের জন্য বয়ে এনেছেন সম্মান ও গৌরব। আবার শান্তি রক্ষার কাজে আফ্রিকার বিভিন্ন দেশের মানুষকে শিক্ষাদান, কৃষিকাজ শেখানোর মতো কাজেও বাংলাদেশ সেনাবাহিনী রেকর্ড সৃষ্টি করছে। দেশে রাজনৈতিক একটি দুষ্টচক্রের কাছে সেনাবাহিনী তাই মারাত্মক নাপছন্দের।

সেনাবাহিনী কখন মাঠ থেকে সরবে, সেই অপেক্ষা তাদের। কোন অনিবার্য পরিস্থিতিতে ম্যাজিস্ট্রেসি সক্ষমতা নিয়ে এখনো সেনাবাহিনীকে মাঠে রাখা হয়েছে, তা দুর্বোধ্য নয়। তারা আছে বলেই সম্ভাব্য অনেক বিপদ থেকে রক্ষা। জননিরাপত্তা, অনাকাঙ্ক্ষিত অরাজকতা প্রতিরোধ, সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের কারসাজি রুখে দেওয়া, মিল-কারখানা সচল রাখা, রাষ্ট্রের কেপিআই এবং গুরুত্বপূর্ণ সরকারি ও বেসরকারি স্থাপনাগুলো রক্ষা, সড়ক-মহাসড়ক বাধামুক্ত রাখা, অবৈধ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার, বিদেশি কূটনীতিক ও দূতাবাসগুলোর নিরাপত্তা নিশ্চিতের কাজ সেনাবাহিনী যেভাবে করে যাচ্ছে, তা বিবেকবানরা উপলব্ধি করছেন মর্মে মর্মে।

প্রথাগতভাবে উপরোক্ত কাজগুলো পুলিশের। কিন্তু ক্ষতবিক্ষত, দুমড়েমুচড়ে যাওয়া পুলিশকে কাজে ফেরানো এখনো কঠিন কাজ। অন্যান্য বাহিনী একটু একটু করে পেশাদার হয়ে উঠছে। তাদের স্বাভাবিক করে তুলতে বাড়তি শ্রম দিতে হচ্ছে সেনাবাহিনীকে। এর সঙ্গে এখন আরো বাড়তি কাজ করতে হচ্ছে নিয়মিত কাজের মতো। মাদক নির্মূল ও অপহরণ প্রতিরোধে সেদিন কক্সবাজারের উখিয়া-টেকনাফের গহিন জঙ্গলে র‌্যাব ও অন্যান্য বাহিনীর সমন্বিত অভিযানে বিপুল পরিমাণ দেশি অস্ত্র ও মাদক উদ্ধার করা হয়েছে। গুঁড়িয়ে দেওয়া হয়েছে কক্সবাজারের গহিন অরণ্যে ডাকাত-সন্ত্রাসীদের আস্তানা। কুমিল্লার চৌদ্দগ্রামে সেনাবাহিনীর যৌথ টহলদলের অভিযানে ১২৫ কেজি গাঁজা, ৪২৪ বোতল ফেনসিডিল, সাত লিটার চোলাই মদ, মদ তৈরির কাঁচামাল, বিয়ার, মদ, ইয়াবা ও বিপুল পরিমাণ মাদকসহ চারজনকে পাকড়াও করা হয়েছে। আইন-শৃঙ্খলার একটু উন্নতি হতে না হতেই দেশের রাজনৈতিক পরিস্থিতি আবার গোলমেলে। এমন প্রেক্ষাপটে জাতীয় নিরাপত্তা, ভূ-আঞ্চলিক নানা চ্যালেঞ্জসহ নানা বিষয়ে বিভিন্ন সেক্টরের প্রতিনিধিদের সুচিন্তিত পরামর্শের মাধ্যমে সামনে এগিয়ে যেতে সেনাপ্রধানের বার্তা ও আহ্বানের কত ওজন, তা যার যার জায়গা থেকে উপলব্ধির বিষয়।

লেখক : সাংবাদিক-কলামিস্ট; ডেপুটি হেড অব নিউজ, বাংলাভিশন
 

কিউএনবি/অনিমা/১১ মে ২০২৫, /সকাল ৬:২০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit