মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১২:২১ অপরাহ্ন
শিরোনাম
শাস্তির অপেক্ষায় ম্যান সিটি, হালান্ডের ক্লাব ছাড়ার ইঙ্গিত দিলেন বাবা সত্যিই কি ইরানে পারমাণবিক হামলা চালাতে যাচ্ছেন ট্রাম্প? ফ্রিজার হ্যাক করে খাবার নষ্ট, আতঙ্কে ইউরোপের সুপারমার্কেট আন্দোলনের নামে সহিংসতা, তাদের উদ্দেশ্য ভিন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী এবার ২২৩ টাকা বাড়িয়ে এলপিজির দাম নির্ধারণ ২০৬০ টাকা বাপাজসের গবেষণা ও প্রশিক্ষণ সম্পাদক হলেন নোবিপ্রবির ইফতেখার হোসাইন মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাযা ও দাফনে বাঁধা প্রতিবাদে নওগাঁয় বিক্ষোভ সমাবেশ যোগ্যতা নয়, পরিচয়ই বড়? পাহাড়ের ক্রীড়াঙ্গনে বৈষম্যের অভিযোগ যশোরের  জিআই পণ্য  খেজুর গুড় সংগ্রহ মওসুমের আনুষ্ঠানিক উদ্বোধন সিংহঝুলি আলিম মাদ্রাসার গেট নির্মাণ কাজের উদ্বোধন

ইসলামে সমাজসেবার মূল্যায়ন

Reporter Name
  • Update Time : রবিবার, ২৭ অক্টোবর, ২০২৪
  • ৬০ Time View

ডেস্ক নিউজ : মানবজীবনের প্রতিটি ক্ষেত্রেই সমাজসেবা সীমাহীন গুরুত্ব রাখে। মানবসম্পদ উন্নয়ন, সংরক্ষণ ও মানুষের সমস্যা প্রতিরোধকল্পে গৃহীত ও সংগঠিত যাবতীয় কার্যক্রম সমাজসেবার অন্তর্ভুক্ত। ইসলামের দৃষ্টিতে সমাজসেবা কার্যক্রম শুধু মানবিক কর্মই নয়, বরং সমাজসেবা মানুষের একটি মৌলিক দায়িত্ব এবং গুরুত্বপূর্ণ ইবাদত। ইসলামে ইবাদতের পরিধি অনেক ব্যাপক ও বিস্তৃত। নামাজ, রোজা, হজ, জাকাত ইত্যাদি অবশ্যই শ্রেষ্ঠ ইবাদত। সমাজসেবা এবং সমগ্র সৃষ্টিকুলের অধিকার রক্ষা করাও ইসলামের দৃষ্টিতে অন্যতম ইবাদত হিসেবে গণ্য। সমাজসেবা আল্লাহর নৈকট্য লাভের একটি মাধ্যম। তবে শর্ত হলো- সমাজসেবা নিঃস্বার্থভাবে হতে হবে। এর বিনিময় আল্লাহর কাছ থেকে পাওয়ার উদ্দেশ্যে হতে হবে। খ্যাতি অর্জন করা বা গর্ব করার উদ্দেশ্য পরিহার করে সমাজসেবা করতে হবে। রসুলুল্লাহ (সা.) ইরশাদ করেন, ‘কল্যাণ কামনাই ধর্ম। আমরা বললাম! কার জন্য কল্যাণ কামনা? তিনি বললেন, আল্লাহ ও তাঁর কিতাব, তাঁর রসুল, মুসলিম শাসক এবং মুসলিম জনগণের কল্যাণ কামনা’ (সহিহ মুসলিম)।

সাহাবি জারির বিন আবদুল্লাহ বলেন, ‘আমি রসুলুল্লাহ (সা.)-এর কাছে নামাজ প্রতিষ্ঠা করা, জাকাত প্রদান করা এবং প্রত্যেক মুসলমানের কল্যাণ কামনা করার জন্য বাইয়াত গ্রহণ করেছি’ (সহিহ বুখারি)।

রসুলুল্লাহ (সা.) ইরশাদ করেন, ‘আল্লাহতায়ালা তাঁর বান্দাদের ততক্ষণ সাহায্য করতে থাকেন যতক্ষণ সে তার ভাইয়ের সাহায্য করতে থাকে।’ (সহিহ মুসলিম)।
রসুলুল্লাহ (সা.) থেকে অপর এক হাদিসে বর্ণিত হয়েছে, ‘যে ব্যক্তি তার মুমিন ভাইয়ের ইহকালীন একটি দুঃখ-দুর্দশা লাঘব করে দেবে, আল্লাহ তার পরকালের একটি সমস্যা লাঘব করে দেবেন।’ (সহিহ মুসলিম)।
দরিদ্র ও অসহায় মানুষকে সাহায্য করা, ক্ষুধার্ত ও পিপাসার্ত ব্যক্তিকে অন্ন দান করা, বিধবার সাহায্যে এগিয়ে আসা, রোগীর সেবা এবং চিকিৎসা করা, দুর্যোগপীড়িত মানুষের সহযোগিতা করা, কর্মহীন মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করা, মানুষের সঙ্গে সদাচরণ করা, রাস্তাঘাট, ঘরবাড়ি, সেতু নির্মাণ, পরিবেশ উন্নয়ন, বৃক্ষরোপণ, সামাজিক বিশৃঙ্খলা ও সন্ত্রাস দমনে সহযোগিতা, মানুষের শান্তি স্থাপন করা এবং জনগণের জানমালের নিরাপত্তা বিধান করা প্রভৃতি সমাজসেবার অন্যতম কাজ। মুসলিম, অমুসলিম, এমনকি যাবতীয় প্রাণিজগতের অধিকার রক্ষা করা, সমাজসেবা এবং ইবাদতের অন্তর্ভুক্ত। মহানবী (সা.) এর আদর্শের প্রতিচ্ছবি। ইসলামী দাওয়াতি কার্যক্রমের অন্যতম সহায়ক। ইসলামের দৃষ্টিতে সমাজসেবা মানুষের মানবিক, সামাজিক ও ধর্মীয় দায়িত্ব। রসুলুল্লাহ (সা.) নবুওয়াত লাভের আগেই সমাজসেবার মাধ্যমে আরবের জনমানুষের হৃদয় এবং মন জয় করেছিলেন। মহানবী (সা.)-এর সেবাকর্মে প্রভাবিত হয়ে আরবের লোকজন তাকে আল আমিন উপাধিতে ভূষিত করেছিলেন। উম্মুল মুমিনিন হজরত খাদিজা (রা.) মহানবী (সা.)-এর সেবাধর্মী চরিত্র ও উত্তম বৈশিষ্ট্যের সাক্ষ্য দিয়ে বলেছিলেন, ‘আল্লাহর শপথ! আল্লাহ আপনাকে কখনো অপমানিত করবেন না, আপনি তো আত্মীয়স্বজনের সঙ্গে সদ্ব্যবহার করেন, নিঃস্বকে সাহায্য করেন, মেহমানের সমাদর করেন এবং দুর্দশাগ্রস্তকে সাহায্য করেন।’ (সহিহ বুখারি)।

রসুলুল্লাহ (সা.)-এর আদর্শকে সামনে রেখে সমাজসেবামূলক কাজে আমাদের এগিয়ে আসতে হবে। আল্লাহতায়ালার অধিকার যথাযথভাবে আদায় করার সঙ্গে সঙ্গে সৃষ্টিজগতের অধিকারের প্রতি আমাদের অনেক যত্নবান হতে হবে। প্রতিযোগী হতে হবে সামাজিক কাজে নিঃস্বার্থভাবে অংশ নেওয়ার প্রতি।

লেখক : গবেষক, ইসলামিক রিসার্চ সেন্টার, বসুন্ধরা, ঢাকা

কিউএনবি/অনিমা/২৭ অক্টোবর ২০২৪,/দুপুর ১২:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit