স্পোর্টস ডেস্ক : নতুন বাংলাদেশে ক্রিকেটের পর ফুটবলে ইতিহাস। অনূর্ধ্ব-২০ দলের হাত ধরে এসেছে আরো একটা শিরোপা। নাম তুলেছে ইতিহাসের পাতায়। জুনিয়রদের এই সাফল্য অনুপ্রাণিত করছে সিনিয়রদেরও। সামনেই ভুটানের বিপক্ষে ম্যাচ। তারাও চান দেশের মানুষকে আনন্দে ভাসাতে। বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া বলেন, ‘আমরাও অনুপ্রাণিত হয়েছি। আগামীতে হবে, ইনশাআল্লাহ। মেয়েদের দল সাফ চ্যাম্পিয়ন, অনূর্ধ্ব-২০ দলও সাফ চ্যাম্পিয়ন। ইনশাআল্লাহ, আগামী টুর্নামেন্টটা আমাদের হবে।’
সাফের ফাইনালে এক অন্য বাংলাদেশকে দেখেছে সমর্থকরা। পাস, বল পজিশন কিংবা অন টার্গেট শট, সব কিছুতেই সর্বেসর্বা মারুফুল হকের দল। আর প্রথম গোলে মিরাজুলের ফ্রি কিক নজর কাড়বে যে কারো। জুনিয়রদের এমন পারফরম্যান্সের প্রশংসা হেড কোচ হাভিয়ের কাবরেরার কণ্ঠেও। অনেককে রেখেছেন জাতীয় দলের বিবেচনায়। যদিও তাদের নিয়ে খুব একটা তাড়াহুড়া করতে চাননা কাবরেরা।
জামাল ভুঁইয়া। ছবি: ফেসবুক
কাবরেরা বলেন, ‘অনূর্ধ্ব -২০ সাফে বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়েছে। দুর্দান্ত খেলেছে ছেলেরা। মিরাজ, চন্দন, রাহুল সবাই। তবে জাতীয় দলে তাদের নিয়মিত করার বিষয়ে আমার মতামত চাইলে আমি একটু সময় চাইবো। আরো সময় নেয়া উচিৎ। তবে তাদের দু’একজনকে এই ক্যাম্পে অবশ্যই ডাকা হবে। আবার এর বেশিও ডাকা হতে পারে।
এদিকে, ফিফা প্রীতি ম্যাচ খেলতে ভুটান সফরে যাবে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। ক্যাম্পও চলছে দুদিন ধরে। এতো ঝক্কিঝামেলার পরও ফুটবলারদের ফিটনেস নিয়ে সন্তুষ্টি হেড কোচের, ‘দ্বিতীয় দিনের অনুশীলন করছি, খেলোয়াড়দের ফিটনেসের যে অবস্থা দেখছি তাতে আমি খুশি। ১৫ দিন আগে দেয়া শিডিউল তারা যথাযথ ভাবেই কার্যকর করেছে। এই দল নিয়ে ভুটানের বিপক্ষে আমরা ভালো করবো।’
শুক্রবার (৩০ আগস্ট) ভুটানের উদ্দেশ্যে দেশ ছাড়বে বাংলাদেশ। এর আগেই ঘোষণা করা হবে পূর্ণাঙ্গ স্কোয়াড। যে দলে সুযোগ মিলবে অনূর্ধ্ব-২০ সাফ চ্যাম্পিয়ন দলের একাধিক ফুটবলারের। ভুটানে দুটি প্রীতিম্যাচ খেলবে লাল-সবুজ।