স্পোর্টস ডেস্ক : রিয়াল মাদ্রিদে সময়টা দারুণই কাটছিল বেনজেমার। দুর্দান্ত পারফরম্যান্সে ২০২২ সালে ৩৫ বছর বয়সে জিতেছেন ক্যারিয়ারের প্রথম ব্যালন ডি’অর। এরপরও সান্তিয়াগো বার্নাব্যু ছেড়ে ২০২৩ সালে পাড়ি দেন সৌদি প্রো লিগের ক্লাব আল ইত্তিহাদে। প্রায় ১৪ বছর লস ব্লাঙ্কোদের হয়ে মাঠ কাঁপানো ফরাসি তারকা ছিলেন নতুন চ্যালেঞ্জের খোঁজে। বস্তা ভর্তি টাকা নিয়ে তাকে দলে ভিড়িয়ে বেশ আশাবাদী ছিল আল ইত্তিহাদও। তাকে ঘিরে আকাশচুম্বী প্রত্যাশা ছিল ক্লাব সমর্থকদের।
কিন্তু সেখানে গিয়ে সবাইকে নিরাশই করেছেন বেনজেমা। ক্লাবটির হয়ে ২০ ম্যাচে মাত্র ১২ গোলের পাশাপাশি ৫টি অ্যাসিস্ট করেছেন তিনি। তবে তার চেয়েও বেশি খারাপ সময় কাটছে ক্লাবের। ১৮ ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে লিগ শিরোপার দৌড় থেকে ইতোমধ্যে ছিটকে পড়েছে ইত্তিহাদ। পয়েন্ট টেবিলে তাদের অবস্থান সপ্তম। টানা তিন ম্যাচে হারের মুখ দেখেছে ক্লাবটি। বিশেষ করে সবশেষ ম্যাচে ক্রিস্টিয়ানো রোনালদোর আল নাসরের বিপক্ষে ৫-২ গোলের বড় ব্যবধানে হেরেছে বেনজেমারা। যেটা নিয়ে ক্ষোভে ফুঁসছে ইত্তিহাদ সমর্থকরা।
সামাজিক মাধ্যমে বেনজেমাকে নিয়ে নেতিবাচক মন্তব্যের ঝড় তুলছে সমর্থকরা। স্প্যানিশ সংবাদ মাধ্যম ‘এএস’র দাবি, সমর্থকদের নেতিবাচক মন্তব্যের ঝড়ে নিজের সামাজিক মাধ্যমও বন্ধ করে দিতে বাধ্য হয়েছেন ফরাসি স্ট্রাইকার। এদিকে সৌদি সংবাদ মাধ্যম আল-রিয়াদিয়ার দাবি, বছরের শেষ ম্যাচের আগে ক্লাবের দুই দিনের অনুশীলনে ছিলেন না তিনি। ক্লাব ছেড়ে নিরুদ্দেশ হয়েছেন তিনি। কোনো জরুরি কারণ ছাড়াই বছরের শেষ ম্যাচ খেলা থেকে নিজেকে বিরত রেখেছেন ফরাসি স্ট্রাইকার। যদিও ম্যাচটি অনাকাঙ্ক্ষিত কারণে পরে পিছিয়ে নেয়া হয়েছে। এর মধ্যে তাকে দেখা গেছে স্পেনের রাজধানী মাদ্রিদে।
সৌদি সংবাদ মাধ্যমগুলোর দাবি, ইত্তিহাদে সুখে নেই বেনজেমা। তিনি সৌদি লিগ ছাড়তে চান। হঠাৎ করে সাবেক ক্লাবের শহরে যাওয়ায় দুইয়ে দুইয়ে চার মিলিয়েছে দেশটির স্থানীয় গণমাধ্যমগুলো। তবে ক্লাবের এক কর্মকর্তা জানিয়েছেন, বিশেষ কারণে মাদ্রিদ গিয়েছেন বেনজেমা। তিনি তিন দিনের ছুটি চেয়েছিলেন। যেটাতে সম্মতি দিয়েছে ক্লাব। কোনো কারণ ছাড়া নিরুদ্দেশ এমন অভিযোগ উড়িয়ে দিয়ে ওই কর্মকর্তা বলেন, ‘করিম খুবই পেশাদার। সে দলের প্রতি প্রতিজ্ঞাবদ্ধ।’আপাতত ফেব্রুয়ারির আগে ইত্তিহাদের কোনো ম্যাচ নেই। এদিকে চলতি জানুয়ারিতে শুরু হয়েছে ইউরোপের দলবদলের নতুন মৌসুম। এখন দেখার অপেক্ষা, সমর্থকদের সমালোচনার মাঝেও বেনজেমা সৌদিতে থেকে যাবেন, নাকি নতুন বছরে নতুন কোনো গন্তব্যে পাড়ি দেবেন।
কিউএনবি/আয়শা/০২ জানুয়ারী ২০২৪,/রাত ৮:০০