লাইফ ষ্টাইল ডেস্ক : দীর্ঘ দিন ধরে ডায়াবেটিস আছে যাঁদের, তাঁদের নিয়মিত রক্ত পরীক্ষার মধ্যেই থাকতে হয়। কিন্তু পারিবারিক ইতিহাস থাকলেও ডায়াবেটিস হয়নি ভেবে যাঁরা নিশ্চিন্তে রয়েছেন, চুপিসারে কখন যে এই রোগ থাবা বসাবে তাঁদের শরীরে, তা বোঝা মুশকিল। দীর্ঘদিন ধরে ডায়াবেটিস ধরা না পড়লে বা সঠিক চিকিৎসা না হলে কিডনি, লিভার, চোখ ক্ষতিগ্রস্ত হতে পারে। শরীরে আরও বেশ কিছু লক্ষণ আছে, যেগুলি দেখলে বোঝা যায়, কেউ ডায়াবেটিসে আক্রান্ত হয়েছেন কি না।
রক্ত পরীক্ষা করার আগেই শরীরে কোন কোন লক্ষণ দেখলে সতর্ক হবেন, ১) অনেক সময় অসাবধানতাবশত শরীরে আঘাত লেগেই যায়। সাধারণত আঘাতের স্থান দু-তিন দিনের মধ্যেই শুকিয়ে যাওয়ার কথা। কিন্তু ৭ দিন হয়ে গেল কিছুতেই তা সারতে চাইছে না। এই লক্ষণ অর্থাৎ কোন ঘা বা আঘাতের স্থান দেরীতে শুকানো কিন্তু রক্তে শর্করার মাত্রা বেশি হওয়ার লক্ষণ।
২) পানি কম খাওয়ার পর ও অনেকের বার বার প্রস্রাবের বেগ আসে। এমনকি প্রস্রাবের বেগে মাঝরাতে দু-তিন বার ঘুম ভেঙে যাচ্ছে। পানি বেশি না খাওয়ার পরেও যদি এই সমস্যা হয়, বুঝতে হবে ডায়াবেটিস বাসা বেঁধেছে শরীরে।
৩) ঘন ঘন তেষ্টায় গলা শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছে? এই লক্ষণও রক্তে শর্করার ভারসাম্য বিঘ্নিত হওয়ার একটি ইঙ্গিত হতে পারে।
৪) ডায়াবেটিসে আক্রান্ত হলে বার বার প্রস্রাবের ফলে শরীর থেকে অতিরিক্ত পরিমাণে শর্করা এবং বিভিন্ন খনিজ বেরিয়ে যায়। এর ফলে ক্লান্ত লাগা স্বাভাবিক।আর তাই কারণ ছাড়াই শরীর ক্লান্ত লাগলে সতর্ক হোন।
৫) দুপুরে পরিমাণ মতো সব কিছু খাওয়ার পরেও ঘণ্টাখানেকের মধ্যেই ক্ষুধা পেয়ে যাচ্ছে? অর্থাৎ ঘন ঘন ক্ষুধা লাগছে। রক্তে শর্করার মাত্রা বেশি থাকলে কিন্তু সারাক্ষণ খিদে পায়।
৬) ঘাড়, গলা, দুই বাহুমূলে কালো ছোপ পড়েছে? নিয়মিত ঘরোয়া টোটকায় ত্বকচর্চা করেও ফল মিলছে না? দীর্ঘ দিন ধরে রক্তে শর্করা বেশি থাকলে, শরীরের এই বিশেষ বিশেষ জায়গায় কিন্তু কালচে ছোপ পড়ে।
৭) রক্তে শর্করার মাত্রা বেশি থাকলে ঘন ঘন প্রস্রাব পায়। সেখান থেকে মূত্রাশয়, যৌনাঙ্গে সংক্রমণ হওয়াও অস্বাভাবিক নয়।
কিউএনবি/আয়শা/২১ অক্টোবর ২০২৩,/বিকাল ৫:১৮