বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : ভারত-বাংলাদেশের মধ্যে চলাচলকারি ত্রিপুরা পরিবহন নিগমের (টিআরটিসি) বাস থেকে ৫০০টি মোবাইল ফোন সেট ও ৭০ পিস ভারতীয় শাড়ি উদ্ধার করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। এ সময় বাসের চালক মো. বাদল ও সহকারি মো. সোহেলকে গ্রেপ্তার করা হয়। ভারতের ত্রিপুরা রাজ্য থেকে প্রকাশিত দৈনিক সংবাদ পত্রিকা সূত্রে এ তথ্য জানা গেছে। পত্রিকাটি সোমবার এ সংক্রান্ত খবর ছেপেছে। খবরে বলা হয়, বাসের মধ্যে বিশেষ কায়দায় লুকিয়ে এসব পণ্য অবৈধভাবে বাংলাদেশে আনা হচ্ছিল।
পত্রিকার খবর অনুযায়ি, ভারত ও বাংলাদেশের মধ্যে চলাচলকারি ত্রিপুরা সড়ক পরিবহন নিগমের বাসটি পরিচালনা করেন রয়েল ট্রাভের নামে একটি প্রতিষ্ঠান। রবিবার দুপুরে বাসটি বাংলাদেশে আসার উদ্দেশ্যে আগরতলা স্থলবন্দরে আসে। সেখানে কর্তব্যরত বিএসএফ বাসের ভিতরে তল্লাশি চালায়। তল্লাশি করে গোপন জায়গায় রাখা ৫০০ মোবাইল ফোন সেট ও ৭০ পিস ভারতীয় দামী শাড়ি উদ্ধার করা হয়। পরে বাসটির যাত্রা বাতিল করলে যাত্রীরা ভিন্ন উপায়ে বাংলাদেশে আসেন।
স্থানীয় একাধিক সূত্র জানায়, এসব ফোন বাংলাদেশের ব্যবসায়ির কাছে দেওয়ার জন্য আনা হচ্ছিল। আখাউড়ায় ফোন ব্যবসার ২২জনের একটি সিন্ডিকেট রয়েছে। বন্দরের কথিত ব্যবসায়ি থেকে শুরু করে প্রভাবশালীরা ওই সিন্ডিকেটের সঙ্গে জড়িত। লাগেজ পার্টির আনা তৈরি পোশাক ও কসমেটিকসের মতোই তারা বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গকে ম্যানেজ করে মোবাইল ফোন নিয়ে আসে। রাজধানী ঢাকা ও ব্রাহ্মণবাড়িয়া জেলা সদরে এসব মোবাইল ফোন সরবরাহ করা হয়।
কিউএনবি/আয়শা/২৩ মে ২০২৩,/রাত ৮:৪০