বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ এলাকায় বৃহস্পতিবার দুপুরে চলন্ত অবস্থায় ঢাকাগামী তিতাস কমিউটার ট্রেনের লোকোমোটিভ (ইঞ্জিন) বিকল হয়ে যায়। এতে উর্ধ্বগামী (আপ) লাইনে প্রায় দুই ঘন্টা ট্রেন চলাচল বন্ধ থাকে। এতে ট্রেনের সিডিউল বিপর্যয় দেখা দেয়।
একাধিক সূত্রে জানা গেছে, ব্রাহ্মণবাড়িয়া থেকে ঢাকাগামী তিতাস কমিউটার ট্রেন বেলা ১টা ৫০ মিনিটে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে যায়। সোয়া দুইটার দিকে ট্রেনটি আশুগঞ্জ উপজেলার নাওঘাট এলাকায় পৌঁছালে চলন্ত অবস্থায় ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে যায়। এতে ট্রেনটি সেখানে থেমে যায়। চালক (লোকো মাস্টার) ও সহকারি চালক প্রায় আধাঘণ্টা ধরে চেষ্টা করে ইঞ্জিন চালু করতে পারেননি।
বিকেল পৌনে চারটার দিকে আখাউড়া থেকে আসা আরেকটি ইঞ্জিন তিতাস কমিউটার ট্রেনের পেছনের দিকে যুক্ত হয়ে ট্রেনটিকে তালশহর রেলওয়ে স্টেশনে এনে রাখে। সেখানে বিকল ইঞ্জিন মেরামত করেন রেলওয়ে প্রকৌশলীসহ সংশ্লিষ্টরা। মেরামত শেষ হলে বিকেল সাড়ে চারটার দিকে আপ লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। ৪টা ৩৫ মিনিটে তিতাস কমিউটার ছেড়ে যায়।
এদিকে বেলা তিনটার দিকে আপলাইনের পরিবর্তনে ডাউন লাইন দিয়ে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী চট্টলা এক্সপ্রেস ট্রেন নাওঘাট এলাকা ধীরগতিতে অতিক্রম করতে থাকে। এ সময় তিতাস কমিউটার ট্রেনের যাত্রীরা চট্টলা এক্সপ্রেসে উঠার চেষ্টা করেন। বিষয়টি দেখে চট্টলা এক্সপ্রেস ট্রেনের চালক অনির্ধারিত যাত্রাবিরতি দেন। এ সময় তিতাস কমিউটারের কিছু যাত্রী চট্টলা এক্সপ্রেস ট্রেনে উঠেন।
ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনের ভারপ্রাপ্ত স্টেশন মাস্টার রফিকুল ইসলাম জানান, তিতাস কমিউটার ট্রেনটিকে আরেকটি ইঞ্জিনের মাধ্যমে তালশহর এনে রাখা হয়। পরে ইঞ্জিন মেরামত হলে ট্রেনটি আবার ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। ওই সময় পর্যন্ত ডাউন লাইন দিয়ে ট্রেন চলাচল করে।
কিউএনবি/আয়শা/১৮ মে ২০২৩,/রাত ৯:১৪