শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০২:২৬ পূর্বাহ্ন
শিরোনাম

হিমু ও বিশ্বকাপ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৭ এপ্রিল, ২০২৩
  • ১৪৯ Time View

সাহিত্য ডেস্ক : হিমুর পকেটে একটা কানাকড়িও নেই। অবশ্য তার হলুদ পাঞ্জাবিতে কখনো পকেট থাকে না। হিমুর বাবা তাকে মহাপুরুষ বানানোর যে শর্তগুলো লিখে গিয়েছেন, এটি তার মধ্যে একটি। হিমু ওই শর্ত কঠিনভাবে মেনে চলে। আজ মাসের ২৩ তারিখ। তার খালাতো ভাই বাদলের ধারে কাছে না ভিড়তে তাকে মাসে ৩ হাজার টাকা দেওয়া হয়। 

রাস্তার পাশের আর্জেটিনার জার্সি গায়ে দেওয়া শরবত বিক্রেতাকে জিজ্ঞেস করল, বিষয় কিছু জানেন? এত দেশের পতাকা কেন?

শরবত বিক্রেতা জারি দিয়ে বলল, মিয়া আইজকাই পাহাড় থেইক্যা নামলেন নাকি? বিশ্বকাপ খেলার খবর নাই!

-তাইতো, মহা অপরাধ হয়ে গেছে। হিমু লক্ষ করল, ফুটপাতে পাশাপাশি দুই গ্রুপ গলা ফাটাচ্ছে।

এক গ্রুপের চিৎকার লইয়া যান আর্জেন্টিনা, বাইছ্যা নেন আর্জেন্টিনা, একশো বিশ আর্জেন্টিনা, চ্যাম্পিয়ন আর্জেন্টিনা।

আরেক গ্রুপের চিৎকার লইয়া যান ব্রাজিল, বাইছ্যা নেন ব্রাজিল, একশো বিশ ব্রাজিল…।

আহ! বেচা-বিক্রিও খারাপ হচ্ছে না।

ক্ষুধায় পেট চিনচিন করে উঠল।

হিমু লম্বা পায়ে মাজেদা খালার বাসার দিকে হাঁটা ধরল। বাসায় পৌঁছতে পৌঁছতে রাত নয়টা।

কলিং টিপতেই মাজেদা খালা দরজা খুলে দিলেন। গম্ভীর গলায় বললেন, তোর না বাসায় আসা নিষেধ!

-হাত খালি এজন্য বাধ্য হয়ে আসলাম। আগে ভাত দাও। পেটে আলসার হয়ে যাবে।

ভাত খেতে খেতে হিমু খালাকে জিজ্ঞেস করল, খালুর কোনো সাড়া শব্দ পাওয়া যাচ্ছে না। বাসায় নাই নাকি?

-আছে। ছাদে বসে গিলছে।

-ও, তাহলে সেখানেই যাই।

হিমুকে দেখে খালু দরাজ গলায় বলল, ইউ আর মোস্ট ওয়েলকাম হিমু। মাঝে মাঝে মনে হয় তুমি লোক খারাপ না।

খালুর পেটে কিছুটা পড়েছে বোঝা যায়।

হিমু উৎসাহ নিয়ে জিজ্ঞেস করল, খালু বিশ্বকাপে আপনি কোন দলের সাপোর্টার।

খালু শান্ত স্বরে বলল, শোন আমি বিশেষ কোনো দেশের সাপোর্টার না। সামনে পড়ে গেলে খেলা দেখি। যার খেলা ভালো লাগে তাকেই বাহবা দেই।

-তুমি কী জানো, খেলার সৃষ্টি কী জন্য?

-জিনা খালু।

-গ্রিস সভ্যতা অনেক পুরোনো তাতো জানো।

-জি খালু।

-প্রাচীন গ্রিসে অলিম্পাস পর্বতমালার পাদদেশে অলিম্পিক গেমসের প্রথম শুরু। উদ্দেশ্য ছিল, খেলাধুলার মাধ্যমে অন্যান্য দেশগুলোর সঙ্গে সম্পর্কোন্নয়ন। এখন পর্যন্ত সব খেলাধুলার উদ্দেশ্য ওই একটাই। কিন্তু আমাদের দেশে হচ্ছে উলটা।

-হিমু তুমি কি ফেসবুক চালাও?

-জিনা, আমিতো মোবাইল ফোনই চালাইনা।

-ও ভুল হয়ে গেছে। তুমিতো আবার মহাপুরুষ!

-জিনা। চেষ্টা করছি।

আমি একটু আধটু চালাই ইদানীং। ফেসবুকটা আর্জেন্টিনা আর ব্রাজিল সাপোর্টারা দখল করে নিছে। শুধু নিছে বললে ভুল হবে। এক গ্রুপ আরেক গ্রুপের সমর্থকদের নেংটা করে ছেড়ে দিচ্ছে। আবার কেউ মেসির গুষ্টি উদ্ধার করছে; কেউ নেইমারের গুষ্টি উদ্ধার করছে। ওদের দেশও বাদ যাচ্ছে না। পত্রিকায় দেখলাম কেউ ব্রাজিলের পতাকার রঙের ঘর করছে; কেউ আর্জেন্টিনার পতাকার রঙের। আবার অন্ধ সাপোর্টাররা কেউ ২ হাজার ফুটের পতাকা বানিয়ে র‌্যালি করছে। এটা দেখে অন্যরা আড়াই হাজার ফুটের পতাকা রানাচ্ছে। অদ্ভুত বিষয়!

হিমু তুমি কী কখনো মেসি বা নেইমারকে পরস্পরের বিরুদ্ধে কোন ফাউল টক করতে শুনেছ।

-জিনা খালু।

আমি নিশ্চিত ওদের সরকারপ্রধান আমাদের এ ফাউল উন্মাদনা জানেনা। জানলে নির্ঘাত আমাদের সরকারপ্রধানের কাছে বিস্ময় বার্তা পাঠাত।

হিমু আরও বিস্ময়ের ব্যাপার কি জানো?

-কোনটা খালু?

আমাদের দেশের মানুষের পাঁচটা মৌলিক চাহিদার কোনটা ফুলফিল আছে। খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা। কোনোটাই নেই। এদের দেখে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি; দেশ সংকটে এটি বোঝার উপায় নেই। খেলাধুলাতো বিনোদনের একটা মাধ্যম মাত্র। অতি উর্বর মস্তিষ্কের সমর্থকদের উন্মাদনা দেখলে আমার মাথায় রক্ত চড়ে যায়। এদের গাছের সঙ্গে টাঙিয়ে চাবকানো উচিত। দেশে আর যেন কাজ নেই। অপদার্থ কোথাকার।

-খালু এখন চাবুকের যুগ নেই। অন্য কিছু দিয়ে সারতে হবে।

আমাকে জ্ঞান দিচ্ছিস! চাবকে তোর মহাপুরুষগিরি ছাড়ানো উচিত।

হিমুকে কিছু বলার সুযোগ না দিয়ে খালু হরহর করে বমি করে চিৎকার করে উঠলেন, কইগো আমার মাথা ছিঁড়ে যাচ্ছে।

তিন হাজার টাকা আজ আর হবে না জেনে হিমু খালুকে রেখে পগারপার হয়ে গেল।

খালুর খেদমতে খালা তো আছেনই!

 

 

কিউএনবি/আয়শা/০৭ এপ্রিল ২০২৩,/দুপুর ২:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit