আন্তর্জাতিক ডেস্ক : ভয়াবহ অথনৈতিকভাবে বিপর্যস্ত পাকিস্তান। মুদ্রাস্ফীতি চরমে পৌঁছায় দেশটিতে নিত্যপ্রয়োজনীয় পণ্য আমজনতার নাগালের বাইরে চলে গেছে। আমদানি না হওয়ায় দেখা দিয়েছে খাদ্য সংকট। এতে অনেকটা দিশেহারা নিম্ন আয়ের মানুষ। এমন অবস্থায় সরকার থেকে বিনামূল্যে আটা বিতরণের উদ্যোগ নেয়া হয়। সম্প্রতি কয়েকটি শহরে বিনামূল্যে বিতরণের আটার ট্রাক আটকিয়ে লুটের ঘটনা ঘটেছে।
এরই মধ্যে লুটপাটের ভিডিওচিত্র ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। পেশোয়ারের ঘটনায় ভিডিওতে দেখা যায়, শহরের রিং রোড এলাকার একটি পার্ক এলাকায় আটাবাহী একটি ট্রাক থামে। দরিদ্রদের বিনামূলে আটা বিতরণের জন্যই সেখানে থেমেছিল সরকারি সেই ট্রাকটি।
কিন্তু থামার সঙ্গে সঙ্গে শত শত মানুষ প্রায় ঝাঁপিয়ে পড়েন ট্রাকটির ওপর। ভিডিওচিত্রে দেখা যায়, জনতার একটি অংশ ট্রাকের ওপরে উঠে যান এবং আটার বস্তাগুলো নিচের দিকে ফেলতে থাকেন। অন্যদিকে নিচে যারা আছেন, বস্তা নিয়ে কাড়াকাড়ি করতে থাকেন তারা। অনেকে আবার অন্যের হাত থেকে বস্তা ছিনিয়েও নেন।
এ অবস্থায় এখন থেকে আটার ট্রাকের সাথে নিরাপত্তা বাহিনীর সদস্য রাখার ঘোষণা দিয়েছে পাকিস্তান সরকার। সব প্রদেশেই বিতরণের সময় অস্ত্রসহ তারা ট্রাকের সাথে থাকবে।
এদিকে আটা আনতে গিয়ে পদদলিতের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই নেতা ইমরান খান। একইসঙ্গে, বর্তমান শাহবাজ সরকারের চরম অব্যবস্থাপনার জন্যই এমন ঘটনা ঘটেছে বলে দাবি করেছেন তিনি।
কিউএনবি/আয়শা/৩০ মার্চ ২০২৩,/সন্ধ্যা ৭:৪৫