ডেস্ক নিউজ : পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি প্রথম আলোর সাংবাদিক শামসুজ্জামান শামসকে ‘তুলে নেওয়ার’ একদিন পর তাকে ‘জিজ্ঞাসাবাদের জন্য ডেকে নেওয়ার’ কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেছেন, জিজ্ঞাসাবাদ শেষে শামসকে ছেড়ে দেওয়া হয়েছিল। আরও মামলা হওয়ার কারণে তাকে গ্রেফতার দেখানো হয়েছে।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এলাকায় ভাড়া বাসা থেকে বুধবার শামসকে তুলে নেওয়ার পরদিন বৃহস্পতিবার দুপুরে আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ে এক অনুষ্ঠানে বিষয়টি নিয়ে কথা বলেন মন্ত্রী।
কৃষক লীগের আলোচনা সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, বাংলাদেশের এগিয়ে যাওয়া নিয়ে কটূক্তির কারণে প্রথম আলোর সাংবাদিককে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশের একটি বাহিনী ডেকে নিয়ে গিয়েছিল। এখন মামলার কারণে আটক দেখানো হয়েছে।
গত ২৬ মার্চ স্বাধীনতা দিবসে প্রথম আলোর একটি প্রতিবেদন নিয়ে বিতর্কের সৃষ্টি হয়। সেখানে একজন শ্রমজীবী মানুষকে উদ্ধৃত করে বলা হয়, পেটে ভাত না জুটলে স্বাধীনতা দিয়া কী করুম। বাজারে গেলে ঘাম ছুটে যায়। আমাগো মাছ, মাংস আর চাইলের স্বাধীনতা লাগব।
ওই মন্তব্য ধরে শিরোনাম করা হলেও ছবি দেওয়া হয় আরেক শিশুর, যার কথা প্রতিবেদনের ভেতরে ছিল। ওই ছবি ও শিরোনাম দিয়ে সোশ্যাল মিডিয়ায় একটি কার্ড পোস্ট করা হয়, যা ব্যাপক আলোচনার জন্ম দেয়। বিষয়টি নিয়ে প্রশ্ন তুলে একাত্তর টেলিভিশনে একটি প্রতিবেদনও প্রচার করা হয়।
পরে প্রথম আলো প্রতিবেদনটি থেকে ছবি সরিয়ে শিরোনাম বদলে দেয়। পাশাপাশি তাদের সোশাল মিডিয়ায় দেওয়া পোস্টও প্রত্যাহার করা হয়।
এর মধ্যে মঙ্গলবার রাতে তেজগাঁও থানায় শামসের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা করেন এক যুবলীগ নেতা।
কিউএনবি/অনিমা/৩০ মার্চ ২০২৩,/বিকাল ৫:৫২