স্পোর্টস ডেস্ক : যে টি-টোয়েন্টি ফরম্যাট এতদিন হাহাকারের নাম ছিল, সেই ফরম্যাটেই এখন অপ্রতিরোধ্য হয়ে উঠেছে বাংলাদেশ। বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডকে তিন ম্যাচের সিরিজে হোয়াইটওয়াশ করেছে টাইগাররা। এবার আয়ারল্যান্ড সিরিজেও তাদের চোখ ৩-০তে।
নিজেদের মানসিকতায় বদল এনে টি-টোয়েন্টি সফল হচ্ছে বাংলাদেশ। ‘খেললে বাঘের মতো খেলতে হবে’, এই মানসিকতাতেই বদলে গেছে টাইগারদের খেলার ধরন। আর দলের মধ্যে এই মানসিকতার বীজটা বপন করেছেন অধিনায়ক সাকিব আল হাসান।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বুধবার আইরিশদের সিরিজর দ্বিতীয় টি-টোয়েন্টিতে এক রকম উড়িয়ে দিয়েছে বাংলাদেশ। প্রথম ম্যাচও জিতেছিল টাইগাররা। তাতে এক ম্যাচ হাতে থাকতেই নিশ্চিত হয়েছে সিরিজ।
শুক্রবার তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি। আর আগে বৃহস্পতিবার দিনটা বিশ্রামে কাটাচ্ছে স্বাগতিক দলের ক্রিকেটাররা। দুপুরে টিম হোটেলে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন দারুণ ছন্দে থাকা ওপেনার রনি তালুকদার।
এ সময়ে রনি জানালেন দলের প্রতি সাকিবের বার্তার কথা, ‘সাকিব ভাই কিংবদন্তি খেলোয়াড় সেটা আপনারাও জানেন। উনার সঙ্গে যখন আমি আবাহনীতে খেলেছি, আজ থেকে ১২ বছর আগে, তখনও একই অভিপ্রায় ও মন-মানসিকতা উনার ভেতর ছিল।’
‘উনি সবসময় ইতিবাচক থাকা আর ডমিনেট করার চেষ্টা করে। এই জিনিসটাই উনার যে ডমিনেটিং চিন্তা-ভাবনা এই দলের মধ্যে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছে, যে আমরা খেলব, বাঘের মতো খেলব।’- বলছিলেন রনি।
কিউএনবি/অনিমা/৩০ মার্চ ২০২৩,/বিকাল ৪:৪৫