আন্তর্জাতিক ডেস্ক : ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে আপাতত হোয়াইট হাউজে আমন্ত্রণ জানানোর পরিকল্পনা নেই বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। বর্তমানে ইসরায়েল যে পথে আছে, সে পথে তারা চলতে পারবে না বলেও উল্লেখ করেন তিনি। বুধবার (২৯ মার্চ) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে দুবাইভিত্তিক সংবাদমাধ্যম আল আরাবিয়া।
গত সোমবার (২৭ মার্চ) দেশজুড়ে তীব্র বিরোধিতা ও তুমুল বিক্ষোভের মুখে বিচার বিভাগীয় সংস্কারের উদ্যোগ পেছানোর সিদ্ধান্ত জানান ইসরায়েলের প্রধানমন্ত্রী। এর আগে ইস্যুটি ঘিরে উত্তাল ছিল পুরো দেশ। মঙ্গলবার (২৮ মার্চ) সাংবাদিকদের মুখোমুখি হতেই এ প্রসঙ্গে জানতে চাওয়া হয় মার্কিন প্রেসিডেন্টের কাছে।
তবে বাইডেনের এমন মন্তব্যে ক্ষুব্ধ হয়েছেন নেতানিয়াহু। প্রায় মধ্যরাতের দিকে ইঙ্গিত করে বাইডেনের কথার জবাব দেন ইসরায়েলের প্রধানমন্ত্রী। টুইটারে তিনি লিখেছেন, যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের মধ্যে বন্ধুত্বের সম্পর্ক অবিচ্ছেদ্য। দুই দেশের মধ্যে যেসব মতবিরোধ ছিল তার সবই সমাধান করা হয়েছে। ইসরায়েল নিজের সিদ্ধান্ত নিজে নেয়। কোনো বিদেশি বা ভালো বন্ধুর চাপ নিয়ে সিদ্ধান্ত নেয় না।
কিউএনবি/আয়শা/২৯ মার্চ ২০২৩,/রাত ১১:৩৫