আন্তর্জাতিক ডেস্ক : ভারতে নকল ওষুধ তৈরির অভিযোগে ১৮টি ওষুধ কোম্পানির লাইসেন্স বাতিল করেছে দেশটির সরকার। ২০টি রাজ্যের ৭৬টি প্রতিষ্ঠানে ড্রাগস কন্ট্রোলার জেনারেল অব ইন্ডিয়া (ডিসিজিআই) এর অভিযানের পর এসব কোম্পানির লাইসেন্স বাতিল করা হয়।
মঙ্গলবার ডিসিজিআই-এর কর্মকর্তাদের বরাত দিয়ে এ খবর জানিয়েছে ভারতীয় গণমাধ্যমগুলো। তবে কোম্পানিগুলোর নাম প্রকাশ করেনি ডিসিজিআই।
অভিযান পরিচালনাকারী দলের এক কর্মকর্তা জানান,প্রথম ধাপে আমরা গত ১৫ দিনে ৭৬টি ফার্মা কোম্পানির বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছি। নকল ঔষধ এবং নিয়মনীতি লঙ্ঘনের অভিযোগে তাদের লাইসেন্স বাতিল করা হয়েছে।
তিনি আরো জানান, ইতিমধ্যে ২০৩টি প্রতিষ্ঠানকে চিহ্নিত করা হয়েছে।
ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায় ইতিমধ্যে হিমাচল প্রদেশে ৭০টি, উত্তরাখণ্ডে ৪৫টি এবং মধ্যপ্রদেশে ২৩টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।
এ ছাড়া কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় দেশটির ই-ফার্মেসি স্টোরগুলির বিরুদ্ধে শক্তিশালী পদক্ষেপ নেয়া হচ্ছে।
প্রসঙ্গত,চলতি বছরের ফেব্রুয়ারিতে অভিযোগ উঠে ভারতের তামিলনাড়ুর গ্লোবাল ফার্মা হেলথকেয়ারের এক চোখের ড্রপ যুক্তরাষ্ট্রে দৃষ্টিশক্তি হ্রাসের সাথে জড়িত। পরে ড্রপটি বাজার থেকে প্রত্যাহার করে নেয় গ্লোবাল ফার্মা হেলথকেয়ার।
এ ছাড়া উজবেকিস্তানে ভারতে তৈরি দুটি কাশি ও সর্দির সিরাপ সেবনের পর শিশু মৃত্যুর খবরের পর নড়েচড়ে বসেন কেন্দ্রীয় বিশেষজ্ঞরা। এরপর ভারতে ওষুধ তৈরির প্রতিষ্ঠানে ঝটিকা অভিযান চালানো হচ্ছে।
কিউএনবি/অনিমা/২৯ মার্চ ২০২৩,/দুপুর ১২:১৪