মো. সাইদুল আনাম, কুষ্টিয়া জেলা প্রতিনিধি : কুষ্টিয়ায় পুলিশের সামনে টেন্ডার ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে পৌরসভায় এ ঘটনা ঘটে। এ সময় সন্ত্রাসীরা ঠিকাদারসহ কয়েকজনকে শারীরিকভাবে লাঞ্ছিত করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। ভুক্তভোগী কয়েকজন ঠিকাদার জানান, ২৫ জানুয়ারি কুষ্টিয়া শহর এবং শহরতলীর ১০ হাট-বাজার ইজারার জন্য দরপত্র আহ্বান করা হয়।
২২ ফেব্রুয়ারি পর্যন্ত দরপত্র বিক্রি ও ২৩ ফেব্রুয়ারি দুপুর একটা পর্যন্ত সিডিউল জমা দেওয়ার সময় নির্ধারণ করা হয়। কিন্তু সকাল থেকে টেন্ডার বক্সের আশপাশে পাহারা বসায় ক্ষমতাসীন দলের লোকজন। এ সময় সিডিউল দাখিল করতে গেলে প্রথমে বাধা দেওয়া হয় এবং কয়েকজনের কাছ থেকে জোরপূর্বক সিডিউল ছিনিয়ে নেওয়া হয়। এসময় ২০-২৫ জনের প্রভাবশালী একটি প্রুপ পুলিশের সামনেই জোর পূর্বক সব কয়টি সিডিউল ছিনিয়ে নেন। তারা পে অর্ডারসহ সমস্ত সিডিউল ছিঁড়ে ফেলেন। এ সময় কয়েকজনকে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়।
এ ঘটনায় ভুক্তভোগী ইব্রাহিম হোসেন নামের একজন পুনরায় দরপত্র আহবানসহ এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য কুষ্টিয়া পৌরসভার মেয়র বরাবর লিখিত আবেদন করেছেন। এ ব্যাপারে কুষ্টিয়া পৌরসভার নির্বাহী প্রকৌশলী রবিউল ইসলাম জানান, এ ব্যাপারে ভুক্তভোগীর লিখিত অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। কুষ্টিয়া পৌরসভার প্যানেল মেয়র শাহিন উদ্দিন জানান, কুষ্টিয়া পৌরসভার ইতিহাসে প্রকাশ্যে দরপত্র জমায় বাধা ও ছিনিয়ে নেওয়ার ঘটনা নজিরবিহীন। এ ব্যাপারে লিখিত অভিযোগ পাওয়া গেছে।
পৌর বিধি অনুযায়ী এ ব্যাপারে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে। কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন খান জানান, সেখানে উপস্থিত পুলিশ সদস্যদের কাছ থেকে বিষয়টি সম্পর্কে অবহিত হই। ভুক্তভোগী কেউ এ ব্যাপারে লিখিত কোনো অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
কিউএনবি/আয়শা/২৪ ফেব্রুয়ারী ২০২৩/বিকাল ৩:৪৫