বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৭ অপরাহ্ন

‘২০০৮ এ তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই আওয়ামী লীগ ক্ষমতায় এসেছিল’

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৫ ডিসেম্বর, ২০২২
  • ১৫৮ Time View

ডেস্কনিউজঃ এখন তত্ত্বাবধায়ক সরকার না চাইলেও ২০০৮ সালে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অনুষ্ঠিত নির্বাচনেই বর্তমানে ক্ষমতাসীন আওয়ামী লীগ ক্ষমতায় এসেছিল। আজ (বৃহস্পতিবার) রাজধানীর গুলশানের একটি হোটেলে ইংরেজি দৈনিক ঢাকা ট্রিবিউন আয়োজিত এক সেমিনারে নির্বাচন পর্যবেক্ষক সংস্থা ব্রতী’র নির্বাহী পরিচালক শারমিন মুরশিদ এমন মন্তব্য করে বলেছেন- ১৯৯১, ২০০১ এবং ২০০৮ সালের নির্বাচনী ব্যবস্থাপনা নিয়ে বাংলাদেশ গর্ব করতে পারে।

ঢাকা ট্রিবিউনের প্রধান সম্পাদক জাফর সোবহানের সঞ্চালনায় সেমিনারে পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য নাহিম রাজ্জাক এমপি, জাতীয় সংসদ থেকে সদ্য পদত্যাগ করা সদস্য-বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা এবং গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি আলোচক ছিলেন।

শারমিন মুরশিদ বলেন, “অতীতে ক্ষমতাসীন সরকারের অধীনের চেয়ে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অনুষ্ঠিত নির্বাচন তুলনামূলকভাবে অবাধ ও সুষ্ঠু হয়েছে। কিন্তু, প্রত্যেক দলই ক্ষমতায় থাকলে সেকথা ভুলে যায়।” বাংলাদেশে রাজনৈতিক সংকট চলছে বলেও তিনি মন্তব্য করেন।

বাংলাদেশে নিযুক্ত নরওয়ে দূতাবাসের সহযোগিতায় অনুষ্ঠিত ওই সেমিনারের সূচনা বক্তব্যে দেশটির রাষ্ট্রদূত এসপেন রিকটার ভেন্ডসেন বলেন, “নির্বাচনী প্রস্তুতির প্রাথমিক ধাপ শুরু হয়েছে মাত্র। কিন্তু সময় দ্রুত চলে যাচ্ছে, এটা খেয়াল রাখতে হবে।”

২০১৮ সালের নির্বাচনকে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে লজ্জাজনক নির্বাচন উল্লেখ করে জোনায়েদ সাকি বলেন, “ওই নির্বাচনটি রাতের ভোটের নির্বাচন হিসেবে জনপ্রিয়তা লাভ করেছে।” আওয়ামী লীগকে বাদ দিয়ে দেশের রাজনীতির গুণগত পরিবর্তন সম্ভব নয় উল্লেখ করে তিনি বলেন, ” কিন্তু, তারা কথা শুনছে না। জমিদারি কায়েম করেছে। এই শাসনব্যবস্থার অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।”

রুমিন ফারহানা বলেন, “গণতন্ত্র, সুষ্ঠু নির্বাচন, মানবাধিকারের কথা বললেই তারা ১৫ আগস্ট, ২১ আগস্টকে অজুহাত হিসেবে দাঁড় করায়। অনেক হয়েছে। আর না।”

নাহিম রাজ্জাক এমপি বলেন, “১৯৯১ সালের পর ২০০১ সালে আওয়ামী লীগই শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করেছিল।” ২০১৪ সালের নির্বাচন অংশগ্রহণমূলক না হলেও অসাংবিধানিক ছিল না বলে তিনি দাবি করেন।

সেমিনারে সাংবাদিক, বিভিন্ন রাজনৈতিক দল ও সুশীল সমাজের প্রতিনিধি, বিদেশি কূটনীতিক সহ অনেকেই উপস্থিত ছিলেন। দর্শকদের মধ্য থেকে কেউ কেউ আলোচকদের উদ্দেশ্যে প্রশ্ন করেন এবং তারা সেসব প্রশ্নের উত্তর দেন।

কিউএনবি/বিপুল/১৫.১২.২০২২/রাত ৯.২৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit