আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেন যুদ্ধে ব্যবহার করার জন্য ইরান রাশিয়াকে সমরাস্ত্র দিচ্ছে বলে ইউক্রেন অনবরত অভিযোগ করছে। বৃহস্পতিবার ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রি কুলেবা আবারও অভিযোগ করেন, ইরান রাশিয়াকে কমব্যাট ড্রোন সরবরাহ করে যাচ্ছে। তিনি রাশিয়াকে অব্যবহৃতভাবে অস্ত্র সরবরাহ বন্ধ করার জন্য ইরানের প্রতি আহ্বান জানান। খবর ইরনার।
তবে তেহরান আবারও কিয়েভের এ অভিযোগ প্রত্যাখ্যান করেছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানয়ানি বলেছেন, আবেগ-তাড়িত দাবি এবং প্রমাণবিহীন অভিযোগ উত্থাপন করে ইউক্রেন সংকটের সমাধান করা যাবে না। তিনি ইউক্রেনের চলমান সংঘাতে তেহরানের ‘নিরপেক্ষ অবস্থান’ পুনর্ব্যক্ত করে ‘অভিযোগের খেলা’ বন্ধ করার জন্য কিয়েভের প্রতি আহ্বান জানিয়েছেন।
ইরান ইউক্রেনকে সমরাস্ত্র দিচ্ছে বলে কিয়েভ যে অভিযোগ করেছে রাশিয়াও বারবার তা প্রত্যাখ্যান করে এসেছে।
ইউক্রেনের অভিযোগের পর বৃহস্পতিবার রাতেই কানয়ানি তার বক্তব্যে বলেন, ইরানের পক্ষ থেকে দ্বিপক্ষীয় কারিগরি বৈঠকের যে প্রস্তাব দেওয়া হয়েছে ইউক্রেনের উচিত তাতে সাড়া দেওয়া।
এ ধরনের বৈঠকে কিয়েভ তার পক্ষ থেকে উত্থাপিত অভিযোগের প্রমাণ তুলে ধরতে পারে এবং তখন তার অভিযোগের সত্যতা দালিলিকভাবে প্রমাণিত কিংবা প্রত্যাখ্যাত হবে। ইরানের পক্ষ থেকে গত কয়েক সপ্তাহ ধরে প্রমাণ উপস্থাপনের জন্য এ ধরনের বৈঠকের প্রস্তাব দেওয়া হলেও কিয়েভ তাতে সাড়া দিচ্ছে না।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আরও বলেন, গত ফেব্রুয়ারিতে ইউক্রেনে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে তেহরান কূটনৈতিক ওপায়ে এ সংঘাত নিরসনের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে।
কিউএনবি/আয়শা/০৪ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৩:৫৫