বাদল আহাম্মদ খান ,ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : সারাদেশে মতো ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায়ও বিজয়া দশমী ও প্রতিমা বিসর্জনের মধ্যদিয়ে বুধবার শেষ হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ‘শারদীয় দুর্গাপূজা’। পূজা উদযাপন কমিটি সূত্রে জানা গেছে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় এবছর সবচেয়ে শৃঙ্খলা ও শান্তিপূর্ণভাবে পালিত হয়েছে দূর্গা পূজা। শান্তিপূর্ণ পরিবেশ ও যথাযথ ধর্মীয় মর্যাদায় উপজেলার ২২টি পূজামণ্ডপে পূজা-অর্চনা, শ্রদ্ধা নিবেদন এবং প্রসাদ বিতরণের মাধ্যমে দেবী ভক্তরা পাঁচ দিনব্যাপী দুর্গোৎসব উদযাপন করেন। সার্বজনীন এই উৎসবের প্রত্যেক দিনই সনাতনী হিন্দু সম্প্রদায়ের সকল বয়সের নারী-পুরুষ মণ্ডপে-মণ্ডপে গিয়ে আনন্দ উৎসবে মেতে উঠেন। পাশাপাশি দুর্গতিনাশিনী দেবীদুর্গার কৃপা লাভের আশায় তারা আরাধনা করেন।
প্রতিবারের ন্যায় এ বছরও দুর্গাপূজা উপলক্ষে উপজেলার প্রতিটি মণ্ডপে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা হয়। প্রতিটি পূজামণ্ডপে আইনশৃঙ্খলার দায়িত্বে ছিলেন বিপুলসংখ্যক আনসার, পুলিশসহ অন্যান্য বাহিনীর সদস্যরা। এছাড়াও এবছর নিরাপত্তার জন্য প্রতিটি মন্দিরে সিসি ক্যামেরার আওতায় আনা হয়। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ আখাউড়া উপজেলা শাখার আহব্বায়ক দিপক কুমার ঘোষ, সদস্য-সচিব সাংবাদিক বিশ্বজিৎ পাল বাবু, আখাউড়া রাধামাধব আখড়া কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শ্রী অলক কুমার চক্রবর্তী, জানান, দেবীদুর্গা বিসর্জনের মধ্য দিয়ে অত্যন্ত শান্তিপ্রিয়ভাবে আমাদের দুর্গোৎসব শেষ হল। বিগত পাঁচ দিন সকাল থেকেই ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলে পুজায় আনন্দ উল্লাস করেছেন। প্রশাসন ও স্থানীয়দের সহযোগীতায় সুন্দরভাবে আমাদের শারদীয় দুর্গোৎসব এর সমাপ্তি হয়েছে।
প্রশাসনের নির্দেশনায় এবছর দুপুরের পর থেকে সন্ধ্যার আগেই উপজেলার সবখানে প্রতিমা বিসর্জন কার্যক্রম শেষ করা হয়। প্রতিমা বিসর্জনের সময় আখাউড়া বড় বাজার ঘাটে উপস্থিত ছিলেন, কসবা- আখাউড়া সার্কেলের সহকারী পুলিশ সুপার কামরুল ইসলাম, আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা অংগ্যজাই মারমা, আখাউড়া থানার অফিসার ইনচার্জ আসাদুল ইসলাম, আখাউড়া পৌরসভার মেয়র তাকজিল খলিফা কাজল সহ আরো অনেকে।
কিউএনবি/অনিমা/০৬.১০.২০২২/বিকাল ৩.৫৭