ডেস্ক নিউজ : কক্সবাজারের টেকনাফের বাহারছড়া ইউনিয়নের শীলখালী রেঞ্জের গভীর বনাঞ্চলে উদ্ধার হওয়া আহত হাতিটির শরীরে আটটি গুলির ক্ষত পাওয়া গেছে। ক্ষতস্থান থেকে গুলির খোসাও উদ্ধার করা হয়েছে। বুধবার হাতিটিকে চিকিৎসা দিয়েছে বন বিভাগ।
বন বিভাগ সূত্রে জানা যায়, গত এক সপ্তাহ ধরে আহত অবস্থায় বনে ঘুরছিল হাতিটি। ডান পায়ে গুরুতর আঘাত থাকায় স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারছিল না। পরে গত মঙ্গলবার ড্রোনের সহায়তায় হাতিটির অবস্থান শনাক্ত করে চিকিৎসার উদ্যোগ নেয় বন বিভাগ।
ড্রোনে হাতিটির অবস্থান শনাক্তের পর ট্রাংকুলাইজার গান প্রয়োগ করে চিকিৎসার ব্যবস্থা করা হয়। ডুলাহাজারা সাফারি পার্কের তিন সদস্যের চিকিৎসক দল হাতিটিকে চিকিৎসা দেয়। এ সময় তার শরীরে আটটি গুলির ক্ষতচিহ্ন পাওয়া যায়। এর মধ্যে দুটি পায়ে এবং ছয়টি শরীরের বিভিন্ন স্থানে।
টেকনাফ শীলখালী রেঞ্জ কর্মকর্তা মো. তহিদুল ইসলাম বলেন, ‘প্রাথমিকভাবে আমরা নিশ্চিত হয়েছি, অপহরণকারী ও মানব পাচারকারীরা হাতিটিকে গুলি করেছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে তদন্ত করা হবে। জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
বন বিভাগের কর্মকর্তাদের সঙ্গে পাহাড়ে যাওয়া স্থানীয় বাসিন্দা আব্দুল শরীফের ধারণা, হাতির বিচরণক্ষেত্রে মানব পাচারকারী ও রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠীর আস্তানা রয়েছে। হাতির চলাচলে তাদের কর্মকাণ্ডে বিঘ্ন ঘটায় অপরাধীরা হাতিটিকে হত্যার উদ্দেশ্যে গুলি করে থাকতে পারে।
এর আগে গত সোমবার ভোর ছয়টার দিকে টেকনাফের বাহারছড়া ইউনিয়নের জাহাজপুরা ইকোপার্ক ও হাজী মোজাহের স্মৃতি স্টেডিয়ামসংলগ্ন এলাকায় আহত হাতিটিকে দেখা যায়। তখন তার সঙ্গে আরেকটি সুস্থ হাতি ছিল।
স্থানীয় বাসিন্দারা জানান, গত তিন দিন ধরে আহত হাতিটির সঙ্গে রয়েছে অন্য হাতিটি। কখনো পাশাপাশি হাঁটছে, আবার চলার সময় আহত হাতিটিকে সহযোগিতা করছে। আহত হাতিটি ধীরগতিতে এগোলেও সঙ্গী হাতিটিও তার সঙ্গে থাকছে।
কিউএনবি/অনিমা/১৮ নভেম্বর ২০২৬,/রাত ১০:৪৩