আন্তর্জাতিক ডেস্ক : খুদে বার্তার মাধ্যমে ফিশিং বা প্রতারণার ফাঁদ পেতে বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মীদের তথ্য হাতিয়ে নেওয়া এবং ক্রিপ্টোকারেন্সি চুরির দায়ে এক ব্রিটিশ হ্যাকারকে যুক্তরাষ্ট্রে ছয় বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
২৪ বছর বয়সী টাইলার বুকানান অন্তত ১২টি প্রতিষ্ঠানের সিস্টেমে হ্যাকিংয়ের ষড়যন্ত্রে জড়িত ছিলেন।
এছাড়া ব্যক্তিগত ভুক্তভোগীদের কাছ থেকে ১ কোটি ১৬ লাখ ডলারের বেশি মূল্যের ক্রিপ্টোকারেন্সি চুরি করেছেন তিনি।
যুক্তরাষ্ট্রের প্রসিকিউটরদের তথ্যমতে, স্কটল্যান্ডের ডান্ডির বাসিন্দা বুকানান কিশোর বয়স থেকেই হ্যাকিংয়ে জড়িত। তিনি তরুণ হ্যাকারদের কুখ্যাত গোষ্ঠী ‘স্ক্যাটার্ড স্পাইডার’-এর সদস্য ছিলেন।
২০২১ সালে ১৯ বছর বয়সে তিনি এই হ্যাকিং অভিযান শুরু করেন। বাবা-মায়ের বাড়িতে বসে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের অন্য হ্যাকারদের সঙ্গে মিলে বড় প্রযুক্তি ও টেলিযোগাযোগ প্রতিষ্ঠানের কর্মীদের লক্ষ্যবস্তু বানাতেন তিনি।
চক্রটি কর্মীদের মোবাইল ফোনে শত শত ভুয়া খুদে বার্তা পাঠাত। এসব বার্তায় কর্মীদের অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা দেখিয়ে একটি লিংকে প্রবেশ করে দ্রুত লগইন করতে বলা হতো। লিংকগুলো ভুয়া ওয়েবসাইটে নিয়ে যেত, যেগুলো দেখতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের আসল ওয়েবসাইটের মতো। সেখানে কর্মীরা নিজেদের ব্যবহারকারীর নাম, পাসওয়ার্ডসহ গোপন তথ্য দিলে সেগুলো চক্রটির হাতে চলে যেত। এসব তথ্য সংগ্রহের জন্য বুকানান টেলিগ্রামে একটি বটও তৈরি করেছিলেন।
পরে চুরি করা তথ্য এবং সিম-সোয়াপিং কৌশল ব্যবহার করে যুক্তরাষ্ট্রের ক্রিপ্টোকারেন্সি বিনিয়োগকারীদের লক্ষ্যবস্তু বানায় চক্রটি। ২০২২ সালের ডিসেম্বরে এক ব্যক্তির কাছ থেকেই ১৬ লাখ ৭০ হাজার ডলারের ক্রিপ্টোকারেন্সি চুরি করা হয়।
তদন্তকারীদের হিসাবে, বুকানান ও তার সহযোগীরা মোট ১ কোটি ১৬ লাখ ডলারের বেশি চুরি করেছেন। যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, স্পেন ও কানাডার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দীর্ঘ তদন্তের পর ২০২৪ সালের মে মাসে স্পেনের পালমা দে মায়োর্কা বিমানবন্দরে তাকে গ্রেফতার করা হয়। পরে যুক্তরাষ্ট্রে প্রত্যর্পণ করা হয়।
যুক্তরাষ্ট্রের প্রসিকিউটররা বলেছেন, এসব সাইবার অপরাধে ভুক্তভোগীদের জীবনে গুরুতর ও দীর্ঘস্থায়ী ক্ষতি হয়েছে। স্ক্যাটার্ড স্পাইডার গোষ্ঠীর আরও কয়েকজন সদস্যও অপরাধ স্বীকার করে কারাভোগ করছেন। সূত্র: বিবিসি
কিউএনবি/অনিমা/১৮ নভেম্বর ২০২৬,/রাত ১০:১৬