মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১০:৪২ অপরাহ্ন

যে কারণে স্বর্ণখনন বন্ধ রেখেছে পাকিস্তান!

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
  • ২১ Time View

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে অবৈধভাবে স্বর্ণ উত্তোলন করে অর্জিত অর্থ সশস্ত্র গোষ্ঠীগুলোর হাতে পৌঁছাচ্ছে বলে অভিযোগ উঠেছে। খনির কাজ চালিয়ে যাওয়ার বিনিময়ে এসব গোষ্ঠীকে নিয়মিত অর্থ দেওয়া হচ্ছে বলেও দাবি করেছেন প্রদেশটির গভর্নর ফয়সাল করিম কুন্দি। 

এ পরিস্থিতিতে পুরো প্রদেশে স্বর্ণ উত্তোলনসহ সব ধরনের খনি কার্যক্রম বন্ধ এবং বিদ্যমান ইজারা বাতিলের ঘোষণা দেওয়া হয়েছে। গভর্নর ফয়সাল করিম কুন্দির দাবি, প্রদেশের কোহাট জেলায় প্রতি মাসে প্রায় ৯০ কেজি স্বর্ণ উত্তোলন করা হচ্ছে। এর বাজারমূল্য প্রায় ৪২০ কোটি পাকিস্তানি রুপি। উত্তোলিত স্বর্ণের অর্থের প্রায় ৮০ শতাংশ আফগানিস্তানে চলে যাচ্ছে বলে অভিযোগ তার। তবে এসব অভিযোগ এখনো স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

সম্প্রতি কোহাটে অবৈধ স্বর্ণ উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালাতে গিয়ে পুলিশের সঙ্গে সশস্ত্র ব্যক্তিদের সংঘর্ষে ১০ পুলিশ সদস্য ও ১৮ জন জঙ্গি নিহত হন। ওই ঘটনার কয়েক দিন পরই অবৈধ খনন এবং সন্ত্রাসী অর্থায়নের বিষয়টি সামনে আনেন গভর্নর।

জিও নিউজের বরাতে গালফ নিউজ জানায়, গত শনিবার খাইবার পাখতুনখোয়া প্রদেশের সব খনি কার্যক্রম স্থগিত এবং স্বর্ণ উত্তোলনের ইজারা বাতিলের ঘোষণা দেন কুন্দি। ইজারাগ্রহীতা ও ঠিকাদারদের সাত দিনের মধ্যে খনির এলাকা থেকে সব ভারী যন্ত্রপাতি সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

গভর্নর ফয়সাল করিম কুন্দির অভিযোগ, অবৈধভাবে স্বর্ণ উত্তোলনের সঙ্গে জড়িত ব্যক্তিরা খনির কার্যক্রম চালিয়ে যাওয়ার সুযোগ পেতে সশস্ত্র গোষ্ঠীগুলোকে নিয়মিত অর্থ দিতেন। পরে ওই অর্থ সন্ত্রাসী কর্মকাণ্ড এবং পাকিস্তানের বিরুদ্ধে বিভিন্ন তৎপরতায় ব্যবহার করা হয়েছে।

কুন্দি জানান, অবৈধ স্বর্ণ উত্তোলনের কাজে হাজার হাজার ট্রাক্টর, ভারী ডাম্পার ও শ্রমিক নিয়োজিত ছিলেন। বিপুল পরিমাণ স্বর্ণ উত্তোলনের পরও খনি ইজারা দেওয়ার প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি।

গভর্নরের দেওয়া তথ্য অনুযায়ী, প্রতি মাসে প্রায় ৪২০ কোটি রুপি মূল্যের স্বর্ণ উত্তোলন করা হলে মাত্র ৪৯২ কোটি রুপির বিনিময়ে কীভাবে ১০ বছরের জন্য খনির ইজারা দেওয়া হলো, তা খতিয়ে দেখা প্রয়োজন। ইজারা দেওয়ার প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি।

কোহাটের কাছে দারাবো কাচ এলাকায় অবৈধ স্বর্ণ উত্তোলনের বিরুদ্ধে পুলিশ ও স্থানীয় প্রশাসন অভিযান চালায়। অভিযান শেষে ফেরার পথে পুলিশের ওপর হামলা চালায় সশস্ত্র ব্যক্তিরা। এতে ১০ পুলিশ সদস্য নিহত হন। পরে সংঘর্ষে ১৮ জঙ্গি নিহত হয়েছে বলে জানায় কর্তৃপক্ষ।

গভর্নর কুন্দির অভিযোগ, হামলাকারীদের সঙ্গে অবৈধ স্বর্ণ উত্তোলনের কাজে জড়িত ব্যক্তিদের যোগসাজশ রয়েছে। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছেন তিনি।

অবৈধ স্বর্ণ উত্তোলন ও কোহাটের সংঘর্ষের ঘটনা তদন্তে বিচার বিভাগীয় কমিশন গঠনের ঘোষণা দিয়েছেন ফয়সাল করিম কুন্দি। এ ছাড়া নিহত পুলিশ কর্মকর্তা ডিএসপি হায়দার জামানের নামে একটি বিশেষ টাস্কফোর্স গঠনের অনুমোদন দিয়েছেন তিনি।

গভর্নর জানিয়েছেন, অবৈধ খননকাজে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে প্রদেশের খনিজ সম্পদ রক্ষা এবং উত্তোলন কার্যক্রমে অনিয়ম বন্ধে পদক্ষেপ নেওয়া হবে।

তবে তদন্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে, স্বর্ণ উত্তোলন থেকে অর্জিত অর্থ সত্যিই সশস্ত্র গোষ্ঠীগুলোর অর্থায়নে ব্যবহৃত হয়েছে কি না এবং এ কর্মকাণ্ডের পেছনে কারা জড়িত।

 

 

কিউএনবি/আয়শা/১৭ নভেম্বর ২০২৬,/রাত ৯:৫৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit