ডেস্ক নিউজ : বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, ‘‘নবায়নযোগ্য শক্তির ব্যবহার সর্বস্তরে দ্রুত বাড়াতে চায় সরকার। তাই সাধারণ গ্রাহকদেরও পরিবেশবান্ধব বিদ্যুৎ উৎপাদনে উৎসাহিত করতে—যেসব গ্রাহক তাদের বাসাবাড়ির ছাদে ‘রুফটপ সোলার’ বা ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপন করবেন, তাদের বাড়িকে ‘গ্রিন হাউস’ হিসেবে স্বীকৃতি দেবে সরকার। এবং এই ‘গ্রিন হাউস’ এর জন্য তাদের বিশেষ করছাড়ের সুবিধাও দেওয়া হবে।’’
শনিবার দুপুরে রাজধানীর ইস্কাটনে এক গোলটেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
‘গৃহস্থালি পর্যায়ে রুফটপ সোলার: সম্ভাবনা, চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ পথরেখা’ শীর্ষক এই আলোচনায় মন্ত্রী বলেন, ‘বিদ্যমান জ্বালানি সংকট মোকাবিলা এবং বিদ্যুৎ উৎপাদনে আমদানিনির্ভরতা কমাতে সরকার নবায়নযোগ্য জ্বালানির ওপর গুরুত্ব দিচ্ছে। এর অংশ হিসেবে বাসাবাড়িতে রুফটপ সোলার স্থাপনে সাধারণ গ্রাহকদের উৎসাহিত করতে এই বিশেষ প্রণোদনার পরিকল্পনা নেওয়া হয়েছে।’
তিনি বলেন, ‘প্রস্তাবিত এই কর সুবিধা ও আইনি সুরক্ষা সাধারণ জনগণকে নিজেদের বাসার ছাদে সৌর প্যানেল বসাতে গভীরভাবে উৎসাহিত করবে। এর মাধ্যমে সাধারণ নাগরিকরাও দেশের পরিবেশবান্ধব জ্বালানি রূপান্তর প্রক্রিয়ায় প্রত্যক্ষ ও সক্রিয় ভূমিকা রাখার সুযোগ পাবেন।’
সরকারের এই নীতিগত সিদ্ধান্তের কথা তুলে ধরে তিনি বলেন, যেসব বাড়িতে রুফটপ সোলার বসানো হবে, সেগুলোকে সরকারিভাবে ‘গ্রিন হাউস’ হিসেবে স্বীকৃতি দেওয়া হবে এবং তাদের কর ছাড় দেওয়া হবে। সোলার প্যানেল স্থাপন সংক্রান্ত একটি বিল দ্রুতই সংসদে পাস করা হবে, যাতে সাধারণ গ্রাহকেরা সহজেই এই সুবিধার আওতায় আসতে পারেন।
বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রী আরও জানান, চলমান বিদ্যুৎ সংকট মোকাবিলা এবং বিদ্যুৎ উৎপাদনের জন্য আমদানি জ্বালানির ওপর অতিরিক্ত নির্ভরতা কমিয়ে আনতে সরকার নবায়নযোগ্য শক্তি উৎপাদনকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে। এই রূপরেখার অংশ হিসেবে আগামী ৬ মাসের মধ্যে নবায়নযোগ্য শক্তি—বিশেষ করে সৌরবিদ্যুৎ খাত থেকে আরও ৫,০০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত করার একটি উচ্চাকাঙ্ক্ষী লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
তিনি উল্লেখ করেন, প্রস্তাবিত আইনি কাঠামো এবং প্রণোদনা সাধারণ পরিবারের কাছে ছাদভিত্তিক সোলারকে অর্থনৈতিকভাবে আরও আকর্ষণীয় ও লাভজনক করে তুলবে। এটি একই সাথে সরকারের সার্বিক জ্বালানি খাতের উৎস বহুমুখীকরণের জাতীয় প্রয়াসকে জোরদার করবে।
উল্লেখ্য, আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের অনিয়ন্ত্রিত মূল্যবৃদ্ধি, বিশ্বজুড়ে জ্বালানির সরবরাহ শৃঙ্খল ব্যাহত হওয়া এবং আমদানিকৃত তেল, গ্যাস ও কয়র ওপর অতিরিক্ত নির্ভরশীলতার কারণে সৃষ্ট ঝুঁকি এড়াতে বাংলাদেশ সম্প্রতি নবায়নযোগ্য জ্বালানির পরিধি বাড়াতে নানামুখী কৌশলগত উদ্যোগ গ্রহণ করছে।
কিউএনবি/অনিমা/৩১ অক্টোবর ২০২৬,/রাত ৯:৫৩