ডেস্ক নিউজ : এইচএসসি পরীক্ষার ফলাফলে নজিরবিহীন বিপর্যয় ঘটেছে ফেনীর বিকন মডেল কলেজে। প্রতিষ্ঠানটিতে ১২ জন শিক্ষক থাকলেও, পরীক্ষায় অংশ নেওয়া মাত্র ৭ জন শিক্ষার্থীর কেউই পাস করতে পারেননি। শিক্ষকের তুলনায় শিক্ষার্থীর সংখ্যা যেমন বিস্ময়কর, তেমনি শতভাগ অকৃতকার্যতার এই ঘটনায় প্রতিষ্ঠানটির শিক্ষা কার্যক্রম, পাঠদানের পরিবেশ ও সার্বিক ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন উঠেছে।
স্থানীয়দের অভিযোগ, প্রয়োজনীয় তদারকি ও জবাবদিহির অভাবে এ ধরনের প্রতিষ্ঠান শিক্ষার পরিবেশ নষ্ট করছে। শিক্ষার্থীদের ভবিষ্যৎ নিয়ে দায়িত্বশীলতার পরিবর্তে প্রতিষ্ঠান পরিচালনার আনুষ্ঠানিকতা বজায় রাখাই যেন মুখ্য হয়ে উঠেছে।
তবে কলেজটির শিক্ষা কার্যক্রম নিয়ে ভিন্ন তথ্য দিয়েছেন অধ্যক্ষ এস এম মাসুম বিল্লাহ। তার দাবি, এইচএসসি পরীক্ষায় অকৃতকার্য সাত শিক্ষার্থী কলেজটির নিয়মিত ছাত্র নন। গত দুই বছর ধরে কলেজের কার্যক্রম প্রায় বন্ধ রয়েছে। নতুন করে প্রতিষ্ঠানটির শিক্ষা কার্যক্রম সচল করার পরিকল্পনা করছেন তারা।
কিন্তু অধ্যক্ষের এই বক্তব্যের পরই তৈরি হয়েছে নতুন প্রশ্ন। দুই বছর ধরে কলেজের কার্যক্রম প্রায় বন্ধ থাকলে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় সাত শিক্ষার্থী কীভাবে অংশ নিলেন? তাদের ভর্তি, নিবন্ধন ও পরীক্ষায় অংশগ্রহণের প্রক্রিয়া কী ছিল? এসব বিষয়ে জানতে চাইলে অধ্যক্ষ কোনো সদুত্তর না দিয়ে ফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেন।
কিউএনবি/অনিমা/৩১ অক্টোবর ২০২৬,/রাত ৯:৩০