জসীম উদ্দিন জয়নাল, পার্বত্যাঞ্চল প্রতিনিধি : চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার আধাঁরমানিক সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ২৬ বোতল ভারতীয় মদ জব্দ করেছে রামগড় ৪৩ বিজিবি। মঙ্গলবার (২০ অক্টোবর) ভোর সাড়ে ৪টার দিকে বিজিবির অধীনস্থ আধাঁরমানিক বিওপির টহলদল এ অভিযান পরিচালনা করে।
বিজিবি সূত্রে জানা যায়, অভিযানের সময় আধাঁরমানিক বিওপির দায়িত্বপূর্ণ এলাকার উত্তর আধাঁরমানিক নামক স্থান থেকে ২৬ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। জব্দ করা মদের আনুমানিক বাজারমূল্য ৩৯ হাজার টাকা। রামগড় ৪৩ বিজিবি জানায়, সীমান্তে চোরাচালান প্রতিরোধ, নিরাপত্তা জোরদার এবং অবৈধ কর্মকাণ্ড নিয়ন্ত্রণে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হচ্ছে। এ লক্ষ্যে সীমান্ত এলাকায় নিয়মিত টহল ও গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে।
রামগড় ৪৩ বিজিবির অধিনায়ক ও জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল আহসান উল ইসলাম, বিজিওএম, পিএসসি জানান, সীমান্ত সুরক্ষা নিশ্চিত করা, আভিযানিক কার্যক্রম পরিচালনা ও চোরাচালান দমনের পাশাপাশি মাদকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে বিজিবি ২৪ ঘণ্টা, সপ্তাহের সাত দিন কাজ করে যাচ্ছে। তিনি সীমান্তে চোরাচালান, মাদকদ্রব্য ও মানব পাচার এবং অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে তথ্য দিয়ে বিজিবিকে সহযোগিতা করার জন্য সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানান।
কিউএনবি/আয়শা/২০ অক্টোবর ২০২৬,/সন্ধ্যা ৬:০৮