স্টাফ রিপোর্টার, নরসিংদী : নেত্রকোণার দুর্গাপুরে সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকির হত্যাকাণ্ডের প্রতিবাদে এবং এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে নরসিংদীর শিবপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৯ অক্টোবর) বিকেল ৪টায় শিবপুর উপজেলা পরিষদের মূল ফটকের সামনে শিবপুর উপজেলা প্রেস ক্লাবের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
শিবপুর উপজেলা প্রেস ক্লাবের সভাপতি আবদুর রব শেখ মানিকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আবুল হোসেন আবিলের সঞ্চালনায় মানববন্ধনে বক্তারা সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকির হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান। একই সঙ্গে সারা দেশে সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের প্রতি জোর দাবি জানান তাঁরা।
মানববন্ধনে উপস্থিত থেকে বক্তব্য দেন ও কর্মসূচির সঙ্গে একাত্মতা প্রকাশ করেন শিবপুর উপজেলা প্রেস ক্লাবের উপদেষ্টা লেখক মোশাররফ হোসেন, সহসভাপতি বশির আহমেদ, কোষাধ্যক্ষ সুরুজ মিয়া, দপ্তর সম্পাদক তৈয়বুর রহমান ভূইয়া, নির্বাহী সদস্য মোস্তাফিজুর রহমান এবং সদস্য কাদিরসহ স্থানীয় বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকেরা।
সভাপতির বক্তব্যে আবদুর রব শেখ মানিক বলেন, “সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরের হত্যাকাণ্ডের মাধ্যমে সংবাদমাধ্যমের কণ্ঠরোধ করার অপচেষ্টা চালানো হয়েছে। এই হত্যাকাণ্ডে জড়িত আসামিদের অনতিবিলম্বে গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, যেন ভবিষ্যতে আর কেউ সাংবাদিকদের ওপর আঘাত হানার সাহস না পায়।”
কিউএনবি/আয়শা/১৯ অক্টোবর ২০২৬,/সন্ধ্যা ৭:৫৫