ডেস্ক নিউজ : দীর্ঘ ১৭ বছর দেশের বাইরে অবস্থান করলেও নানা প্রতিকূলতা ও প্রবাস জীবনের মধ্য থেকেই বিএনপি চেয়ারম্যান তারেক রহমান দেশের প্রতিটি সংকট ও দুর্যোগে মানুষের পাশে দাঁড়িয়েছেন বলে মন্তব্য করেছেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।
রোববার (১৮ অক্টোবর) রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং দলটির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মাজারে শ্রদ্ধা নিবেদন ও ফাতেহা পাঠ শেষে তিনি এসব কথা বলেন। জিয়াউর রহমান ফাউন্ডেশনের (জেডআরএফ) ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এই মাজার জিয়ারতের আয়োজন করা হয়।
রিজভী বলেন, তারেক রহমানের দূরদর্শী নেতৃত্বে জিয়াউর রহমান ফাউন্ডেশন কেবল জাতীয় পর্যায়েই সীমাবদ্ধ থাকেনি, বরং দেশের একদম প্রান্তিক অঞ্চল পর্যন্ত পৌঁছাতে পেরেছে। করোনা মহামারি, অতিবৃষ্টি, বন্যা কিংবা কনকনে শীতের প্রকোপ—প্রতিটি জাতীয় সংকটে প্রবাসে অবস্থান করেও তিনি প্রতিনিয়ত নির্দেশনা দিয়েছেন এবং মানুষের কাছে মানবিক সহায়তা পৌঁছে দিয়েছেন।
তিনি আরও বলেন, ফ্যাসিবাদী দুঃশাসনের কঠিন সময়েও এই সংগঠনটি তরুণ ও কিশোরদের বিজ্ঞান ও শিক্ষার প্রতি উদ্বুদ্ধ করতে অনলাইনে সাইন্স এক্সিবিশনসহ নানামুখী ব্যতিক্রমী কর্মসূচি পরিচালনা করেছে। এছাড়া দুর্ঘটনায় পঙ্গু হয়ে যাওয়া মানুষকে কৃত্রিম পা সংযোজন, দেশজুড়ে বৃক্ষরোপণ এবং বিনামূল্যে চিকিৎসা সহায়তা প্রদান করে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার মতো অসংখ্য মানবিক ও জনকল্যাণমুখী কাজ নিরবচ্ছিন্নভাবে পরিচালনা করে আসছে সংগঠনটি।
অনুষ্ঠানে বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ ছাড়াও জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ড. ফরহাদ হালিম ডোনার, অধ্যাপক ড. মোর্শেদ হাসান খানসহ দেশের প্রখ্যাত চিকিৎসক, প্রকৌশলী, শিক্ষক ও জ্যেষ্ঠ পেশাজীবীরা উপস্থিত ছিলেন।
কিউএনবি/আয়শা/১৮ অক্টোবর ২০২৬,/বিকাল ৫:১২