মিজানুর রহমান মিন্টু জয়পুরহাট : জয়পুরহাটে বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। বুধবার সকাল ১১টার দিকে রেল গেইটস্থ জেলা বিএনপির দলীয় কার্যালয়ে এ উপলক্ষে এক সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করা হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা ওলামা দলের আহ্বায়ক মাওলানা আ ন ম রুহুল আমিন। সভাটি সঞ্চালনা করেন জেলা ওলামা দলের সদস্য সচিব মাওলানা কাজী শহিদুল ইসলাম। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জয়পুরহাট জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আব্দুল ওয়াহাব সহ জেলা ওলামা দল ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে গোলজার হোসেন বলেন, “জাতীয়তাবাদী ওলামা দল বিএনপির একটি গুরুত্বপূর্ণ সহযোগী সংগঠন। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা এবং ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠায় ওলামা দলের ভূমিকা অত্যন্ত প্রশংসনীয়। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শকে ধারণ করে ওলামা দলকে তৃণমূল পর্যায়ে আরও শক্তিশালী করতে হবে।”
সভাপতির বক্তব্যে জেলা ওলামা দলের আহ্বায়ক আ ন ম রুহুল আমিন বলেন, ওলামা দল সবসময় দেশ ও ইসলামের পক্ষে কাজ করে যাচ্ছে। আগামী দিনে বিএনপি’র চেয়ারপার্সন প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে ওলামা দলের প্রতিটি নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি। আলোচনা সভায় বক্তারা ওলামা দলের প্রতিষ্ঠার ইতিহাস, তাৎপর্য ও বর্তমান প্রেক্ষাপটে এর প্রয়োজনীয়তা তুলে ধরেন।
একই সাথে সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল, সুসংগঠিত ও বেগবান করার ওপর গুরুত্বারোপ করেন। এসময় জেলা ওলামা দলের বিভিন্ন উপজেলা ও পৌর শাখার নেতাকর্মী, জেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। আলোচনা শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
কিউএনবি/আয়শা/৩০ সেপ্টেম্বর ২০২৬,/বিকাল ৩:৪০