স্পোর্টস ডেস্ক : শনিবার দুবাইয়ে নারী এশিয়া কাপে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের কাছে রেকর্ড ব্যবধানে হেরেছে পাকিস্তান। তবু এতটুকু দমে যাননি পাকিস্তান নারী দলের মেন্টর ওয়াহাব রিয়াজ। তিনি জোর দিয়ে বলেছেন, এই টুর্নামেন্টে পাকিস্তানই এখনো সেরা দল এবং শিরোপা জয়ের ফেবারিটও তারাই।
গ্রুপ ‘এ’-তে নিজেদের দ্বিতীয় ম্যাচে টস হেরে ব্যাটিংয়ে নেমে ১৮.১ ওভারে মাত্র ৫৫ রানে অলআউট হয় পাকিস্তান। টি-টোয়েন্টি আন্তর্জাতিক ইতিহাসে এটাই তাদের সর্বনিম্ন সংগ্রহ। জবাবে মাত্র ৯.১ ওভারেই লক্ষ্য পেরিয়ে সাত উইকেটের দাপুটে জয় পায় ভারত। এই জয়ে টানা তিন জয়ে গ্রুপের শীর্ষেও উঠে যায় তারা। নারী টি-টোয়েন্টি আন্তর্জাতিকে ভারতের কাছে এটি পাকিস্তানের টানা পঞ্চম হার।
তবু নিজের দলের সম্ভাবনা নিয়ে আশাবাদী রিয়াজ। ম্যাচ শেষে সাংবাদিকদের রিয়াজ বলেন, ‘আমার বিশ্বাস, আমাদের দলের সব খেলোয়াড়ই খুব দক্ষ। তাদের শুধু নিজেদের ওপর আস্থা রাখতে হবে। আমাদের পরের ম্যাচ হংকংয়ের বিপক্ষে। আমরা ফিরে গিয়ে আলোচনা করব, ভারতের বিপক্ষে কোথায় আমাদের ভুল হয়েছে। একই ভুল আমরা আর করব না।’
তিনি আরও বলেন, ‘আমি এখনো বিশ্বাস করি, এই এশিয়া কাপে শিরোপা জেতার মতো সেরা দল পাকিস্তানই, কারণ কন্ডিশন আসলেই আমাদের পক্ষে যায়।’নিজেদের ২০০তম নারী টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচ খেলতে নামা পাকিস্তান শুরুটা ভালোই করেছিল, পঞ্চম ওভারে বিনা উইকেটে তাদের রান ছিল ২৭। তবে ভারতের স্পিনাররা বোলিংয়ে আসতেই নাটকীয় ধস নামে। নিয়মিত বিরতিতে উইকেট পড়তে থাকে, শেষ ১০ উইকেট হারায় তারা মাত্র ২৮ রানের মধ্যে।
তাদের এই ৫৫ রানের সংগ্রহ পাকিস্তান নারী দলের টি-টোয়েন্টি আন্তর্জাতিক ইতিহাসে সর্বনিম্ন, এর আগে গত বছর দুবাইয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে তাদের সর্বনিম্ন ছিল ৫৬ রান। মন্থর কন্ডিশনের সদ্ব্যবহার দারুণভাবে করেছেন ভারতীয় বোলাররা। অন্যদিকে স্পিনাররা চাপ তৈরি করার পর পাকিস্তানের ব্যাটসম্যানরা কোনো জবাব খুঁজে পাননি। এর আগে পাকিস্তানের সাবেক অধিনায়ক সানা মীর দলের ব্যবস্থাপনার সমালোচনা করেছিলেন।
এশিয়া কাপের দলে ব্যাপক পরিবর্তন আনার কারণে সমালোচনা করেন তিনি, টুর্নামেন্টের দল থেকে বাদ পড়েছিলেন সাতজন খেলোয়াড়। তবে এই সিদ্ধান্তের পক্ষেই কথা বলেছেন রিয়াজ। তিনি বলেন, ভবিষ্যতের বৈশ্বিক টুর্নামেন্টের জন্য দলকে প্রস্তুত করতে দীর্ঘমেয়াদি পুনর্গঠন প্রক্রিয়ারই অংশ ছিল এই পরিবর্তন। তিনি বলেন, ‘সানা মীরের নিজস্ব মতামত আছে। সেই মতামতের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। আমরা ভবিষ্যতের কথা মাথায় রেখেই পরিবর্তন এনেছি।’
তিনি আরও বলেন, ‘আগে যারা খেলছিল, তারা অনেক বিশ্বকাপ আর এশিয়া কাপ খেলেছে, কিন্তু আমরা কাঙ্ক্ষিত ফলাফল পাচ্ছিলাম না। তাই নতুন মুখ নিয়ে আসা আর নতুন মেয়েদের সুযোগ দেওয়ার সময় হয়েছিল, যাতে আসন্ন টুর্নামেন্টগুলোর জন্য দল গড়ে তোলা যায়।’গ্রুপ ‘এ’-তে এখন হংকংয়ের বিপক্ষে নিজেদের পরবর্তী ম্যাচের দিকে মনোযোগ দেবে পাকিস্তান। রিয়াজ জোর দিয়ে বলেছেন, ভারতের কাছে এই বড় হার তাদের অভিযানকে থামিয়ে দেবে না।
কিউএনবি/আয়শা/০৬ সেপ্টেম্বর ২০২৬,/বিকাল ৫:০০